ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ঝড়ের আভাস
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৪ পিএম
ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ঝড়ের আভাস। ছবি: সংগৃহীত
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল নেত্রকোনা ও আশুগঞ্জে। এ সময় ঢাকার তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও দেশের বেশির ভাগ অঞ্চলে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে প্রচণ্ড গরমের পর স্বস্তির বৃষ্টি হয়। সকাল থেকে আকাশ ছিল মেঘাচ্ছন্ন, বেলা গড়ার সঙ্গে সঙ্গে কালো মেঘে ছেয়ে যায় রাজধানীর আকাশ। সন্ধ্যার মধ্যে দেশের ছয় অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলে সংস্থাটি।
আরো পড়ুন: ভারতে পাচারের সময় সীমান্তে ৮৮৫ কেজি ইলিশ জব্দ
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
