যুদ্ধবিরতি ঘোষণার পরও যুক্তরাষ্ট্রে ট্রাম্পের অভিশংসনের দাবি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৯:১০ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ আবারও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের দাবি তুলেছেন। তিনি বলেছেন, ইরানের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা পরিস্থিতির কোনো পরিবর্তন আনেনি।
মঙ্গলবার ইরানকে দেওয়া ডেডলাইনের শেষ মুহূর্তে এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প লিখেছিলেন, ‘একটি সভ্যতা আজ পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে যাবে।’ এই মন্তব্যের পর তিনি বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েন।
এর আগেই যুক্তরাষ্ট্রের ভেতরে ট্রাম্পের জনপ্রিয়তা কমতে শুরু করে। কারণ, বিপুল অর্থ ব্যয় করে তিনি এই যুদ্ধে জড়িয়েছেন, যার প্রভাব দেশটির অর্থনীতিতেও পড়েছে।
এ ছাড়া তার কর্তৃত্ববাদী শাসন ও বিভিন্ন বিতর্কিত আইন প্রণয়নও জনগণের মধ্যে অসন্তোষ তৈরি করেছে। এরই প্রেক্ষাপটে গত মাসে ‘নো কিংস’ নামে একটি বড় আন্দোলন হয়, যেখানে প্রায় ৮০ লাখ মানুষ অংশ নেয়। এত বড় জনসমাগম যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিরল বলেও তারা উল্লেখ করেন।
আরো পড়ুন : ইরানে হামলার হুমকি স্থগিত, যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প
ডেমোক্র্যাট নেত্রী আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ আবারও সেই ট্রাম্পবিরোধী মনোভাবকে সামনে এনেছেন। তিনি এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘প্রেসিডেন্ট ইরানি জনগণের বিরুদ্ধে গণহত্যার হুমকি দিয়েছেন এবং এখনো সেই হুমকি বহাল রেখেছেন।’
তিনি বলেন, ‘আমরা আর বিশ্বকে এবং আমাদের দেশের কল্যাণকে ঝুঁকির মধ্যে ফেলতে পারি না।’
আলেক্সান্দ্রিয়া সরাসরি ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারণের দাবি জানিয়ে বলেন, ‘তার মন্ত্রিসভা হোক বা কংগ্রেস—যেভাবেই হোক প্রেসিডেন্টকে সরাতে হবে। আমরা এখন বিপদের কিনারায় দাঁড়িয়ে আছি।’
এর আগে একাধিক ডেমোক্র্যাট আইনপ্রণেতাও ইরানের বিরুদ্ধে ট্রাম্পের হুমকির জেরে তাকে অপসারণের দাবি তুলেছিলেন। যুদ্ধবিরতির ঘোষণা এলেও তাদের অনেকেই জানিয়েছেন, এ বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে।
