প্রতিদিন ৩০ মিনিট হাঁটলে কমে হৃদরোগের ঝুঁকি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৩:২৮ পিএম
ছবি : সংগৃহীত
সুস্বাস্থ্য বজায় রাখা এবং বিভিন্ন রোগ প্রতিরোধে প্রতিদিন হাঁটা অত্যন্ত উপকারী, এমনটাই দীর্ঘদিন ধরে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে আসছেন। অনেকের মনে প্রশ্ন জাগে, প্রতিদিন মাত্র ৩০ মিনিট হাঁটা কি সত্যিই হৃদরোগের ঝুঁকি কমাতে পারে? কারণ হৃদরোগ এখনও বিশ্বজুড়ে মৃত্যুর অন্যতম প্রধান কারণ। অনেকেই মনে করেন হৃদরোগ প্রতিরোধ করতে হলে কঠোর ব্যায়াম বা জীবনযাত্রায় বড় পরিবর্তন আনা দরকার। কিন্তু ব্যস্ততা ও অনিয়মিত জীবনযাত্রার কারণে অনেকেই তা করতে পারেন না।
হৃদরোগের ঝুঁকি বাড়ার কারণ
অস্বাস্থ্যকর জীবনযাপন, দীর্ঘ সময় বসে কাজ করা, মানসিক চাপ বৃদ্ধি এবং পর্যাপ্ত শারীরিক ব্যায়ামের অভাব, এসব কারণ হৃদরোগের ঝুঁকি বাড়ায়। এসব অভ্যাসের ফলে উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, স্থূলতা এবং ইনসুলিন প্রতিরোধের মতো সমস্যা দেখা দেয়। এসব অবস্থাই ধীরে ধীরে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং অন্যান্য হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। বর্তমানে তরুণদের মধ্যেও এসব সমস্যা বাড়তে দেখা যাচ্ছে।
গবেষণায় যা জানা গেছে
বিভিন্ন গবেষণায় সুস্থ ব্যক্তিদের মধ্যে হৃদ্রোগজনিত ঘটনার হার বিশ্লেষণ করে দেখা গেছে, যারা বেশি শারীরিকভাবে সক্রিয় তাদের হৃদরোগের ঝুঁকি তুলনামূলকভাবে কম। সবচেয়ে সক্রিয় ব্যক্তিদের ক্ষেত্রে ঝুঁকি প্রায় ৪০ শতাংশ পর্যন্ত কম দেখা গেছে। এমনকি দাঁড়িয়ে থাকা বা অল্প শারীরিক নড়াচড়াও ঝুঁকি কমাতে সাহায্য করে। শারীরিক কার্যকলাপ যত বাড়ে, হৃদরোগের ঝুঁকি তত কমতে থাকে।
ইউরোপিয়ান জার্নাল অব প্রিভেনটিভ কার্ডিওলজিতে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, প্রতিদিন মাত্র ৩০ মিনিট হাঁটা হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। হাঁটার ফলে সিস্টোলিক রক্তচাপ কমে, শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে, রক্তে গ্লুকোজ ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমে এবং উপকারী কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায়।
হাঁটার গতি কেন গুরুত্বপূর্ণ
নতুন গবেষণায় দেখা গেছে হাঁটার গতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ২০২৪ সালের একটি বিশ্লেষণে দেখা যায়, যারা দ্রুত গতিতে হাঁটেন তাদের করোনারি হৃদরোগের ঝুঁকি ধীরগতিতে হাঁটা ব্যক্তিদের তুলনায় কম।
স্বাস্থ্য সংস্থার পরামর্শ
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, প্রতি সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার শারীরিক কার্যকলাপ করা উচিত। বেশিরভাগ দিন ৩০ মিনিট হাঁটলেই এই লক্ষ্য পূরণ করা সম্ভব।
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনও বলেছে, হাঁটা একটি সহজ ও কার্যকর ব্যায়াম। এটি রক্তচাপ কমাতে, রক্ত সঞ্চালন উন্নত করতে এবং হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সহায়তা করে।
একবারে না পারলে কী করবেন
অনেকের পক্ষে একটানা ৩০ মিনিট হাঁটা কঠিন হতে পারে। সেক্ষেত্রে দিনে তিনবার ১০ মিনিট করে দ্রুত হাঁটলেও প্রায় একই ধরনের উপকার পাওয়া যায়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিততা।
কারা সতর্ক থাকবেন
সাধারণভাবে হাঁটা নিরাপদ হলেও যাদের বুকে ব্যথা, শ্বাসকষ্ট বা দীর্ঘমেয়াদি অসুস্থতা রয়েছে তাদের নতুন ব্যায়াম শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
বিশেষজ্ঞদের মতে, আজ থেকেই নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তুললে ভবিষ্যতে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।
