বিশ্বকাপের এক সপ্তাহ আগে বড় ধাক্কা ব্রাজিল শিবিরে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১২:২০ পিএম
ছবি- সংগৃহীত
মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচে চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন ব্রাজিলের রাইট-ব্যাক ওয়েসলি। বিশ্বকাপের মাত্র এক সপ্তাহ আগে রোমার এই ডিফেন্ডারের চোট সেলেসাও শিবিরে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
শনিবার (৬ জুন) মিশরের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের ১৫ মিনিটে বাম কুঁচকিতে তীব্র ব্যথা অনুভব করেন ২২ বছর বয়সী ওয়েসলি। পরে তার বদলে মাঠে নামেন দানিলো। বেঞ্চে বসেও কান্না ধরে রাখতে পারেননি ওয়েসলি, তোয়ালেতে মুখ ঢেকে তাকে ডুকরে কাঁদতে দেখা যায়।
গত জুলাইয়ে ফ্লামেঙ্গো থেকে রোমায় যোগ দেওয়ার পর থেকে কোনো বিশ্রাম পাননি এই ডিফেন্ডার। ইতালিয়ান সিরি আ-তে ৩০ ম্যাচে মূল একাদশে খেলা, ৫টি গোল ও ৩৩টি সুযোগ তৈরি করা ওয়েসলি পর্যাপ্ত বিশ্রাম ছাড়াই টানা খেলে গেছেন। নতুন দেশ, ভিন্ন খেলার পদ্ধতি, বিশাল ট্রান্সফার ফি-এর চাপ এবং সবশেষে বিশ্বকাপের ধকল—সব মিলিয়ে তার শরীর সাধ্যের অতিরিক্ত খেসারত দিল বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা।
ওয়েসলি যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে যান, তবে কোচ কার্লো আনচেলত্তিকে মে মাসের শুরুতে ফিফার কাছে জমা দেওয়া ৫৫ জনের প্রাথমিক তালিকা থেকে নতুন খেলোয়াড় বেছে নিতে হবে। এই তালিকায় ১২ জন ডিফেন্ডারের মধ্যে রাইট-ব্যাক আছেন মাত্র দুজন—বোটাফোগোর ভিতিনহো ও ভাস্কোর পাওলো হেনরিকে। এ ছাড়া বিকল্প হিসেবে ডিফেন্ডার ইবানেজকে রাইট-ব্যাকে খেলানোর পথও খোলা আছে আনচেলত্তির সামনে।
ম্যাচ শেষে কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘ওয়েসলির পেশিতে সমস্যা দেখা দিয়েছে। পরীক্ষার পর মেডিকেল বিভাগ চূড়ান্ত রিপোর্ট দিলে বিস্তারিত জানা যাবে। আমাদের আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
ব্রাজিল জাতীয় দলের প্রাথমিক তালিকায় থাকা ডিফেন্ডাররা— আলেক্সান্দ্রো রিবেইরো (লিল), ব্রেমার (জুভেন্টাস), কার্লোস অগাস্টো (ইন্টার মিলান),ফ্যাব্রিসিও ব্রুনো (ক্রুজেইরো), কাইকি ব্রুনো (ক্রুজেইরো), লিও অর্টিজ (ফ্ল্যামেঙ্গো), লুসিয়ানো জুবা (বাহিয়া), নাতান (বেটিস), পাওলো হেনরিক (ভাস্কো), থিয়াগো সিলভা (পোর্তো), ভিতিনহো (বোটাফোগো), ভিটর রেইস (জিরোনা)।
