বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:৫০ পিএম
ছবি- সংগৃহীত
বিশ্বকাপের মাঠে নামার আগেই বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। অনুশীলনে চোট পেয়ে দল থেকে ছিটকে গেছেন অলিম্পিক মার্শেইয়ের আর্জেন্টাইন সেন্টার-ব্যাক লিওনার্দো বালের্দি। শনিবার (৬ জুন) রাতে হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে, শেষ মুহূর্তের অনুশীলনে ডান পায়ের পেশিতে গুরুতর চোট পান তিনি।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, গত রাতের অনুশীলনে পেশিতে টান লাগায় সেশন শেষ করতে পারেননি ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার। পরে মেডিকেল পরীক্ষায় তার পেশিতে ‘টিয়ার’ ধরা পড়ে। চোটের গভীরতা বেশি হওয়ায় বিশ্বকাপের আগে তার ফিট হওয়ার সম্ভাবনা নেই। ফলে কোনো ঝুঁকি না নিয়ে কোচ লিওনেল স্কালোনি তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বালের্দির চোট থেকে সেরে উঠতে কমপক্ষে তিন সপ্তাহ লাগবে। গ্রুপ পর্বে আগামী ২৭ জুন জর্ডানের বিপক্ষে শেষ ম্যাচের আগে তিনি ফিট হলেও টুর্নামেন্টের মাঝে তা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য বড্ড ঝুঁকিপূর্ণ।
ফ্রেঞ্চ লিগ ওয়ানে দুর্দান্ত এক মৌসুম কাটানো বালের্দি মূলত ক্রিস্টিয়ান রোমেরোর বিকল্প হিসেবে স্কালোনির ২৬ সদস্যের চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছিলেন। জাতীয় দলের জার্সিতে ১১ ম্যাচ খেলা এই ডিফেন্ডার লাতিন অঞ্চলের বাছাইপর্বে পেরু, চিলি ও ইকুয়েডরের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন।
বালের্দির ছিটকে যাওয়ায় তার পরিবর্তে এখন কে দলে আসছেন, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। প্রাথমিক দলের ৫৫ জনের মধ্য থেকে একজনকে বেছে নিতে হবে স্কালোনিকে। এই দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন বোর্নমাউথের ডিফেন্ডার মার্কোস সেনেসি। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।
আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। তার আগে দলের গুরুত্বপূর্ণ এই ডিফেন্ডারের চোট আলবিসেলেস্তে শিবিরে নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে। এর আগে কাতার বিশ্বকাপেও শেষ মুহূর্তে হুয়াকিন কোরেয়া ও নিকোলাস গঞ্জালেসকে চোটের কারণে দল থেকে বাদ দিতে হয়েছিল স্কালোনিকে।
