মুশফিক-তামিমের পাশে মুমিনুল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৫:১৭ পিএম
ছবি- সংগৃহীত
দল যখনই বিপদে, তখনই যেন ত্রাতা হয়ে দাঁড়ান মুমিনুল হক। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে চলতি টেস্টের দুই ইনিংসেই দেখা গেল সেই চিরচেনা রূপ। আজ দ্বিতীয় ইনিংসে ফিফটি করার পথে তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি।
টেস্টে ৫ হাজারি ক্লাবে যোগ দিতে আজ মুমিনুলের প্রয়োজন ছিল ৫০ রান। ক্যারিয়ারের ২৭তম ফিফটি তুলে নেওয়ার মাধ্যমে এই অনন্য উচ্চতায় পৌঁছান তিনি। এর আগে মুশফিকুর রহিম (৬৫৮১) ও তামিম ইকবাল (৫১৩৪) এই মাইলফলক স্পর্শ করেছিলেন। ৭৬ টেস্টের ক্যারিয়ারে মুমিনুলের বর্তমান রান ৫০০৬। ফিফটির পর ইনিংস অবশ্য খুব বেশি বড় করতে পারেননি তিনি, আউট হয়েছেন ৫৬ রান করে।
মুমিনুলের আউটের সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১২৮ রান। প্রথম ইনিংসে ৯১ রানে আউট হয়ে সেঞ্চুরি হাতছাড়া করা মুমিনুল আজ দ্বিতীয় ইনিংসেও কয়েকবার জীবন পেয়েছেন। ১৫ ও ৪৩ রানে তার ক্যাচ মিস করে পাকিস্তানি ফিল্ডাররা। কয়েকবার ব্যাটের কানায় লেগে বল সীমানা পার হলেও শেষ পর্যন্ত স্বাচ্ছন্দ্য খুঁজে পাননি এই বাঁহাতি ব্যাটার।
ম্যাচের চিত্রনাট্য দুই ইনিংসেই প্রায় একই রকম ছিল। সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় দ্রুত বিদায় নিলে আবারও নাজমুল হোসেন শান্তর সঙ্গে দলের হাল ধরতে হয় মুমিনুলকে। তাঁর বিদায়ে ভেঙেছে গুরুত্বপূর্ণ এক জুটি।
