শেষ ক্লাসিকো খেলা হচ্ছে না কারভাহালের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ মে ২০২৬, ০৭:১৭ পিএম
ছবি- সংগৃহীত
পায়ের আঙুলের হাড় ফেটে যাওয়ায় আগামী ১০ মে বার্সেলোনার বিপক্ষে হাইভোল্টেজ ‘এল ক্লাসিকো’ থেকে ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার দানি কারভাহাল। শনিবার (২ মে) এক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ অভিজ্ঞ এই রাইটব্যাকের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে।
স্প্যানিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই চোটের কারণে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে কারভাহালকে। মৌসুম শেষে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হতে যাওয়া এই ডিফেন্ডারের জন্য এটিই ছিল ক্যারিয়ারের শেষ ক্লাসিকো। ক্লাবের হয়ে ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ ও চারটি লা লিগা জেতা এই তারকার বিদায়ে এটি একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। মৌসুমের শেষ ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে তিনি ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে।
কারভাহালের এই ইনজুরি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ওপরও কালো মেঘ বয়ে এনেছে। ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার আসন্ন বিশ্বকাপে স্পেনের স্কোয়াডে জায়গা পাওয়ার আশা করলেও বারবার ইনজুরির কারণে সেই সুযোগ এখন ক্ষীণ হয়ে পড়েছে। নতুন এই চোট সেই সম্ভাবনাকে প্রায় শেষ করে দিল।
এদিকে লা লিগার শিরোপা ভাগ্য আজ রাতেই নির্ধারিত হতে পারে। ওসাসুনার মাঠে যদি বার্সেলোনা জয় পায় এবং আগামীকাল রোববার এস্পানিওলের বিপক্ষে রিয়াল পয়েন্ট হারায়, তবে কাতালানরাই চ্যাম্পিয়ন হবে। গুরুত্বপূর্ণ এই সময়ে রক্ষণের অন্যতম প্রধান সেনানিকে হারানো রিয়ালের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
আগামী ১০ মে ন্যু ক্যাম্পে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।
