বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল জার্মানি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পিএম
ছবি- সংগৃহীত
আসন্ন বিশ্বকাপের আগে বড় ধরনের ধাক্কা খেল জার্মানি। উরুর গুরুতর চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন দলের অন্যতম ভরসা সার্জ গানাব্রি। গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে গানাব্রি নিজেই এই দুঃসংবাদ নিশ্চিত করেছেন। ডান উরুর অ্যাডাক্টর পেশিতে চোট পাওয়ায় সময়মতো তাঁর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই।
বায়ার্ন মিউনিখের হয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে চোটে পড়েছিলেন গানাব্রি। ওই ম্যাচের ৬১ মিনিটে মাঠ ছাড়ার পর পরীক্ষা-নিরীক্ষায় তার চোটের গভীরতা ধরা পড়ে। কোচ জুলিয়েন নাগেলসম্যানের জন্য এটি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ চলতি মৌসুমে বুন্দেসলিগায় ৮ গোল ও ৬ অ্যাসিস্ট করে দারুণ ছন্দে ছিলেন এই ফরোয়ার্ড। এমনকি চ্যাম্পিয়নস লিগেও করেছেন ২ গোল ও ৫ অ্যাসিস্ট।
স্বপ্নভঙ্গের বেদনায় গানাব্রি জানান, গত কয়েক দিন তার জন্য অত্যন্ত কঠিন ছিল। বিশ্বকাপে খেলা তার দীর্ঘদিনের স্বপ্ন থাকলেও তা অপূর্ণই থেকে গেল। তবে এখন পুনর্বাসনে মনোযোগ দেওয়ার পরিকল্পনা করছেন তিনি। গানাব্রি বলেন, ‘বিশ্বকাপে খেলতে না পারা মেনে নেওয়া কঠিন। তবে আমি এখন ঘরে বসেই দলকে সমর্থন জানাব।’
জার্মানির আক্রমণভাগের গুরুত্বপূর্ণ এই সদস্যকে না পাওয়ায় নাগেলসম্যানকে এখন নতুন বিকল্প খুঁজতে হবে। গুরুত্বপূর্ণ সময়ে গানাব্রির মতো একজন ফিনিশার ও সুযোগ সন্ধানী খেলোয়াড়কে হারানো বিশ্বকাপে জার্মানির পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে পারে। পুনর্বাসন শেষে কবে মাঠে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়।
