‘অতিরিক্ত’ থেকে ‘চলতি’ দায়িত্বে মাউশি ডিজি সোহেল
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৭:০০ পিএম
ছবি: সংগৃহীত
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের (ডিজি) ‘অতিরিক্ত দায়িত্ব’ থেকে ‘চলতি দায়িত্ব’ পেয়েছেন অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাকে চলতি দায়িত্ব দিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘এই চলতি দায়িত্ব কোনো পদোন্নতি নয়। চলতি দায়িত্ব প্রদান করার কারণে তিনি পদোন্নতি দাবি করতে পারবেন না। সংশ্লিষ্ট পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ করা হলে তার যোগদানের তারিখ থেকে এ আদেশটি বাতিল বলে গণ্য হবে।’
৭ দিন ১৬ এপ্রিল অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) সোহেলকে আর্থিক ক্ষমতাসহ অতিরিক্ত দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিলো।
আর তার আগে গত ২৪ ফেব্রুয়ারি খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের একান্ত সচিবের (পিএস) অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছিলো।
গত ছয় মাস ধরে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন গুরুত্বপূর্ণ এই সংস্থায় নিয়মিত ডিজি নেই। চলতি দায়িত্ব দেওয়ায় মূলত তিনি নিয়মিত ডিজির দায়িত্ব পালন করবেন।
অন্তর্বর্তী সরকারের সময় গত বছরের ১৪ অক্টোবর তৎকালীন ডিজি অধ্যাপক মুহাম্মদ আজাদ খানকে সরিয়ে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়। এর আগে একই বছরে নিয়োগ পাওয়া অধ্যাপক এহতেসাম উল হককে মাত্র ২০ দিনের মাথায় সরিয়ে দেওয়া হয়েছিল।
এরপর সংস্থাটির পরিচালক (কলেজ ও প্রশাসন) বি এম আবদুল হান্নান অতিরিক্ত দায়িত্ব হিসেবে ডিজির কাজ চালিয়ে আসছিলেন। গত ৯ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনে তাকে সরিয়ে দিয়ে সরকারি তিতুমীর কলেজে সংযুক্ত করা হয়েছে।
