ফিফা র্যাংকিংয়ে অপরিবর্তিত বাংলাদেশ, শীর্ষে স্পেন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পিএম
বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি- সংগৃহীত
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) মেয়েদের সর্বশেষ র্যাংকিং প্রকাশ করেছে। গত মার্চে নারী এশিয়ান কাপে অভিষেকটা আশানুরূপ না হলেও র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থানের কোনো হেরফের হয়নি। আগের মতো ১১২ নম্বর স্থানেই অপরিবর্তিত রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত নারী এশিয়ান কাপে এবারই প্রথমবারের মতো খেলার সুযোগ পায় বাংলাদেশ। তবে চীন, উজবেকিস্তান এবং উত্তর কোরিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষ সমৃদ্ধ ‘বি’ গ্রুপে মিলি আক্তার ও আফঈদা খন্দকারদের অভিজ্ঞতা মোটেও সুখকর ছিল না। পুরো আসরে কোনো জয়ের মুখ তো মেলেইনি, উল্টো প্রতিপক্ষের জালে একটি গোলও দিতে পারেনি সাবিনা-সানজিদারা। বিপরীতে ১১টি গোল হজম করার নেতিবাচক প্রভাব পড়েছে রেটিং পয়েন্টে। ৪.৮৭ পয়েন্ট খুইয়ে বাংলাদেশের বর্তমান রেটিং দাঁড়িয়েছে ১১৬৫.৫৭।
এদিকে, ফিফার নতুন এই হালনাগাদে শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ১.০৩ রেটিং পয়েন্ট যোগ করে ২০৮৩.০৯ পয়েন্ট নিয়ে সবার উপরে তারা। আগের মতোই দ্বিতীয় স্থানটি ধরে রেখেছে যুক্তরাষ্ট্র, যাদের বর্তমান পয়েন্ট ২০৫৪.৬৫।
র্যাংকিংয়ের নিচের সারিতে এবার সবচেয়ে বড় চমক দেখিয়েছে আমেরিকান সামোয়া। ১৭ ধাপ এগিয়ে তারা এখন ১২০তম অবস্থানে উঠে এসেছে। অন্যদিকে সবচেয়ে বড় পতনের শিকার হয়েছে সুরিনাম। র্যাংকিংয়ে অবনতি হয়ে তারা এখন ১৩৯ নম্বরে নেমে গেছে।
