আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি ঘোষণা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৯:১১ পিএম
ছবি : সংগৃহীত
পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। মঙ্গলবার (২১ এপ্রিল) সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় এ কর্মসূচি ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। সভায় তিনি সভাপতিত্ব করেন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক লস্কর মো. তসলিম।
কর্মসূচি ঘোষণার আগে দেওয়া বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই শ্রমিকদের অধিকার, স্বার্থ ও কল্যাণ রক্ষায় কাজ করে যাচ্ছে ফেডারেশন। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অতীতে সংগঠনের নেতারা নানা বাধা ও প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। ১৯৬৮ সালে প্রতিষ্ঠার পর থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশন কখনোই শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের প্রশ্নে পিছপা হয়নি এবং ভবিষ্যতেও হবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আন্তর্জাতিক শ্রমিক দিবস সফল করতে ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে— জেলা, উপজেলা ও থানাভিত্তিক র্যালি ও শ্রমিক সমাবেশ; জাতীয় ইউনিয়ন, ক্রাফট ফেডারেশন ও ট্রেড ইউনিয়নের উদ্যোগে দেশব্যাপী সমাবেশ, র্যালি ও আলোচনা সভা; “আন্তর্জাতিক শ্রমিক সমাবেশের ডাক” শীর্ষক লিফলেট বিতরণ; বিভিন্ন পর্যায়ে পোস্টারিং; ব্যানার ও ফেস্টুন টানানো; পেশাভিত্তিক শ্রমিক সমাবেশ ও বনভোজন আয়োজন; শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা।
এছাড়া অসচ্ছল শ্রমিকদের আর্থিক সহায়তা, বেকার শ্রমিকদের কর্মসংস্থানে সহায়তা, শ্রমিক পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, সুবিধাবঞ্চিত শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী প্রদান এবং ইমাম-খতিবদের জন্য ‘শ্রমিকদের অধিকার ও মর্যাদা’ বিষয়ক খুতবা বিতরণের কর্মসূচিও রয়েছে।
ঘোষিত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সংগঠনের সব পর্যায়ের শাখা ও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়েছে।
