আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিরতির আভাস দিলেন সালমান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পিএম
আন্তর্জাতিক টি-টোয়েন্টি নিয়ে কথা বলেছেন সালমান। ছবি- সংগৃহীত
ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসা সূচি আর ব্যক্তিগত ফর্মের টানাপোড়েনের মাঝে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেওয়ার ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটার সালমান আলী আগা। বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যস্ত থাকা এই ক্রিকেটার জানিয়েছেন, ক্যারিয়ারের দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখেই তিনি নিজের কাজের চাপ মূল্যায়ন করছেন।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন সালমান। সাম্প্রতিক সময়ে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারার আক্ষেপ ঝরেছে তার কণ্ঠে। তিনি বলেন,'সত্যি বলতে অনেক উদ্বেগ কাজ করছে। আমার ওয়ানডে বিশ্বকাপটা ভালো যায়নি, এমনকি চলতি পিএসএলেও আমি ছন্দে নেই। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ এখনও অনেক দূরে এবং আমার মূল লক্ষ্য এখন সেখানেই স্থির করা।'
চলতি বছরে পাকিস্তানের আন্তর্জাতিক টি-টোয়েন্টি সূচির বিষয়টি উল্লেখ করে সালমান আরও যোগ করেন,'এই বছর ডিসেম্বর পর্যন্ত আমাদের কোনো টি-টোয়েন্টি ম্যাচ নেই। তাই পিএসএল শেষ হওয়ার পর স্বাভাবিকভাবেই মনোযোগ থাকবে ওয়ানডে এবং টেস্ট ফরম্যাটের দিকে। যদি আমার মনে হয় যে ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতির জন্য টি-টোয়েন্টি থেকে দূরে থাকা উচিত, তবে আমি অবশ্যই সেই বিরতি নেব।'
আগামী বছর দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ের মাটিতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের আসর। সেই মেগা ইভেন্টকে ক্যারিয়ারের অন্যতম বড় সুযোগ হিসেবে দেখছেন এই ডানহাতি ব্যাটার। তিনি বলেন,'যেকোনো ক্রিকেটারের জন্যই ৫০ ওভারের বিশ্বকাপ অত্যন্ত স্পেশাল, আমার জন্যও তাই। আমি যদি টি-টোয়েন্টি থেকে বিরতি নেই, তবে সেটি হবে ওয়ানডেতে নিজের সেরাটা দেওয়ার তাগিদ থেকেই। আমি চাই বিশ্বকাপে দেশের হয়ে স্মরণীয় কিছু করতে।'
