×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে একের পর এক বিজ্ঞানীর রহস্যজনক নিখোঁজ, অবশেষে মুখ খুলল হোয়াইট হাউস

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০১:১৯ পিএম

যুক্তরাষ্ট্রে একের পর এক বিজ্ঞানীর রহস্যজনক নিখোঁজ, অবশেষে মুখ খুলল হোয়াইট হাউস

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র গবেষণা, মহাকাশ প্রযুক্তি এবং উন্নত জ্বালানি কর্মসূচির সঙ্গে যুক্ত শীর্ষ পর্যায়ের বিজ্ঞানীদের রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দীর্ঘ নীরবতার পর অবশেষে এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস।

ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’-র এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রতিরোধ ও মহাকাশ গবেষণা সংশ্লিষ্ট অন্তত ৯ জন (মতান্তরে ১০ জন) বিজ্ঞানী রহস্যজনক পরিস্থিতির শিকার হয়েছেন। এদের মধ্যে কেউ নিখোঁজ হয়েছেন, আবার কেউ মারা গেছেন অস্বাভাবিক অবস্থায়। সংবেদনশীল এসব বিজ্ঞানীর হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া দেশটির জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলেছে।

নিখোঁজ বা মৃত এই বিজ্ঞানীরা লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরি, নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি এবং এমআইটি-র প্লাজমা সায়েন্স অ্যান্ড ফিউশন সেন্টারের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। এসব প্রতিষ্ঠান মূলত পারমাণবিক অস্ত্র উন্নয়ন এবং ভবিষ্যৎ জ্বালানি প্রযুক্তির মতো স্পর্শকাতর বিষয় নিয়ে কাজ করে।

গত বুধবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,'আমি এখনও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে এ বিষয়ে কথা বলিনি। তবে আমি অবশ্যই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং বিস্তারিত জানাব।' ট্রাম্প প্রশাসন এ ঘটনাগুলো খতিয়ে দেখছে কি না, সে বিষয়ে লেভিটের এমন অস্পষ্ট উত্তরে সমালোচনাও শুরু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিখোঁজ বিজ্ঞানীদের অনেকেই তাদের মোবাইল ফোন, মানিব্যাগ ও চাবি বাড়িতে রেখে কেবল হেঁটে ঘর থেকে বেরিয়েছিলেন, এরপর আর ফেরেননি। এছাড়া কয়েকজন খ্যাতনামা বিজ্ঞানী আকস্মিকভাবে সহিংস পরিস্থিতিতে মারা গেছেন। সাবেক এফবিআই কর্মকর্তা ক্রিস সুইকার সতর্ক করে বলেছেন, এর পেছনে বিদেশি শক্তির গুপ্তচরবৃত্তি কিংবা টার্গেট করে অপহরণের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় চলছে। অনেকে প্রশ্ন তুলছেন, ফেডারেল সংস্থাগুলো কি বিষয়টি আড়াল করার চেষ্টা করছে? বিশেষ করে গত ২৭ ফেব্রুয়ারি মার্কিন বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল উইলিয়াম নিল ম্যাকক্যাসল্যান্ড নিখোঁজ হওয়ার পর এই রহস্য আরও ঘনীভূত হয়েছে। উচ্চপদস্থ এই সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীদের হারিয়ে যাওয়া নিয়ে এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি মার্কিন প্রশাসন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App