×

খেলা

সিরিজ শুরুর আগেই যা নিয়ে চিন্তিত নিউজিল্যান্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পিএম

সিরিজ শুরুর আগেই যা নিয়ে চিন্তিত নিউজিল্যান্ড

সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। ছবি- সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে মাঠের লড়াইয়ের চেয়েও ঢাকার কন্ডিশন ও ম্যাচের সময় নিয়ে বেশি ভাবছে সফরকারী নিউজিল্যান্ড। বিশেষ করে মিরপুরের কড়া রোদ আর ভ্যাপসা গরমে দিনের বেলায় ম্যাচ খেলাটা কিউইদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আজ মিরপুরে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম।

আগামীকাল ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের সবগুলো ম্যাচই হবে দিনে। ল্যাথাম মনে করেন, এই গরম আবহাওয়ায় টানা ১০০ ওভারের ধকল সামলে ভারসাম্য বজায় রাখাটাই হবে মূল কাজ। তিনি বলেন,'নিউজিল্যান্ডের তুলনায় এখানকার তাপমাত্রা অনেক বেশি। আমাদের দ্রুত এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। সতেজ থাকা এবং পুরো ১০০ ওভার লড়াই করার জন্য শরীরকে প্রস্তুত রাখাটাই এখন বড় ফ্যাক্টর।'

গরমের পাশাপাশি বাংলাদেশের শক্তিশালী পেস আক্রমণ নিয়েও বেশ সতর্ক কিউই অধিনায়ক। ল্যাথামের মতে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেস ইউনিট দারুণ ধারাবাহিক। তিনি বলেন,'বাংলাদেশের পেস আক্রমণ এখন বেশ অভিজ্ঞ। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানারা গত কয়েক বছরে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে। বিশেষ করে রানা গত কয়েক সিজনে যেভাবে বল করছে, তা নজরকাড়া। আমরা তাদের নিয়ে আলাদাভাবে প্রস্তুতি নিয়েছি।'

মিরপুরের উইকেট প্রসঙ্গে ইতিবাচক ধারণা পেলেও স্পিনের ভূমিকা নিয়ে সতর্ক ল্যাথাম। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক সিরিজগুলো থেকে ধারণা নিয়েছেন জানিয়ে তিনি বলেন,'পিচ দেখে ভালো মনে হচ্ছে, তবে এখানে স্পিন বড় ভূমিকা রাখবে। বাংলাদেশ এই মুহূর্তে ঘরের মাঠে অত্যন্ত শক্তিশালী ক্রিকেট খেলছে, তাই আমাদের কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে।'

দলে বেশ কয়েকজন অনভিজ্ঞ খেলোয়াড় থাকলেও তাদের ওপর আস্থা রাখছেন ল্যাথাম। অধিনায়ক হিসেবে নিজের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, 'আমাদের দলে কিছু তরুণ আছে যারা এই কন্ডিশনে খুব বেশি খেলেনি। সিনিয়র হিসেবে আমার দায়িত্ব হলো তাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করা। আমি চাই ছেলেরা নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে যেভাবে সাবলীল খেলে, এখানেও যেন সেই স্কিলটা কাজে লাগাতে পারে।'

সিরিজ জেতার লক্ষ্য নিয়েই নিউজিল্যান্ড ঢাকায় এসেছে উল্লেখ করে ল্যাথাম যোগ করেন,'নিউজিল্যান্ডকে প্রতিনিধিত্ব করা সবসময়ই গর্বের। আমাদের লক্ষ্য হলো প্রতিটি ম্যাচ থেকে শিক্ষা নেওয়া এবং পরিকল্পনার সঠিক বাস্তবায়ন করা। আমরা লড়াইয়ের জন্য মুখিয়ে আছি।' 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে প্রতারণার মামলা

মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে প্রতারণার মামলা

অবশেষে বিচারিক দায়িত্বে বিচারপতি মনিরুজ্জামান

অবশেষে বিচারিক দায়িত্বে বিচারপতি মনিরুজ্জামান

হাইকোর্ট বিভাগে ৬৩ বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি

হাইকোর্ট বিভাগে ৬৩ বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি

বিবিসির ২ হাজার কর্মীর ছাঁটাই দেশি গণমাধ্যমে হয়ে গেল ২১ হাজার!

বিবিসির ২ হাজার কর্মীর ছাঁটাই দেশি গণমাধ্যমে হয়ে গেল ২১ হাজার!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App