মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে প্রতারণার মামলা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পিএম
আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ছবি- সংগৃহীত
আসন্ন ফুটবল বিশ্বকাপের উত্তাপ যখন দরজায় কড়া নাড়ছে, ঠিক তখনই এক আইনি ঝামেলার মুখে পড়েছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক লিওনেল মেসি। গত বছরের একটি প্রীতি ম্যাচে অংশ না নেওয়ায় বড় অঙ্কের আর্থিক ক্ষতির দাবি তুলে মেসি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে মামলা করেছে ফ্লোরিডার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান।
মার্কিন সংবাদমাধ্যম টিএমজেড-এর বরাতে জানা গেছে, মায়ামিভিত্তিক প্রতিষ্ঠান 'ভিআইডি' এই মামলার বাদী। তাদের অভিযোগ, চুক্তির শর্ত ভঙ্গ করে মেসি মাঠে না নামায় প্রতিষ্ঠানটি কয়েক মিলিয়ন ডলার লোকসানের মুখে পড়েছে।
মামলার বিবরণী থেকে জানা যায়, গত বছরের অক্টোবরে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য এএফএ-র সঙ্গে প্রায় ৭০ লাখ ডলারের একটি চুক্তি হয়েছিল। শর্ত ছিল, গুরুতর চোট না থাকলে মেসিকে প্রতিটি ম্যাচে অন্তত ৩০ মিনিট খেলতে হবে। কিন্তু মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসি খেলেননি। বরং তিনি মাঠে না নেমে ভিআইপি বক্সে বসে খেলা উপভোগ করেছেন।
আয়োজকদের দাবি, ইন্টার মায়ামি তারকার এই অনুপস্থিতিতে বিপুল পরিমাণ টিকিটের টাকা ফেরত দিতে হয়েছে এবং বিজ্ঞাপনদাতারা চুক্তি বাতিল করায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। পরিস্থিতি আরও বিতর্কিত হয় যখন দেখা যায়, জাতীয় দলের হয়ে না খেললেও তার পরের দিনই ইন্টার মায়ামির হয়ে মাঠে নামেন মেসি এবং আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোল করেন। আয়োজকদের মতে, এটিই প্রমাণ করে যে মেসি খেলার জন্য সম্পূর্ণ ফিট ছিলেন।
পরের ম্যাচে পুয়ের্তো রিকোর বিপক্ষে মেসি খেললেও আয়োজক সংস্থা ‘ভিআইডি’র দাবি, ততক্ষণে তাদের ১০ লাখ ডলারের (প্রায় ১২ কোটি টাকা) বেশি ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতির পেছনে ভেন্যু পরিবর্তন সংক্রান্ত জটিলতাও বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। যদিও এএফএ এবং মেসি—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মেসিকে ঘিরে এমন জটিলতা অবশ্য এবারই প্রথম নয়। গত মাসেই ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের বিপক্ষে একটি ম্যাচে মেসি-সুয়ারেজদের না খেলা নিয়ে একই ধরনের আইনি সমঝোতা করতে হয়েছে এমএলএস কর্তৃপক্ষকে।
মাঠের বাইরে মামলার চাপ থাকলেও মাঠের লড়াইয়ে মেসি এখনো অপ্রতিরোধ্য। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে ৯৬ ম্যাচে ৮৩ গোল করে ক্লাবকে একের পর এক শিরোপা জেতাচ্ছেন এই মহাতারকা। তবে ভক্তদের সব মনোযোগ এখন আসন্ন বিশ্বকাপে আলবিসেলেস্তেদের জার্সিতে তার ‘লাস্ট ডান্স’ দেখার দিকে।
