×

ধর্ম

আরাফাত ময়দানে সমবেত লাখো হজযাত্রী, শুরু মূল পর্ব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ১২:০৬ পিএম

আরাফাত ময়দানে সমবেত লাখো হজযাত্রী, শুরু মূল পর্ব

ছবি : সংগৃহীত

পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ধাপ আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ১৬ লাখের বেশি হাজি। মঙ্গলবার (২৬ মে) জিলহজ মাসের ৯ তারিখ ভোর থেকেই তারা আরাফাতের প্রান্তরে ইবাদত, দোয়া ও আল্লাহর স্মরণে মগ্ন হন। ইসলামী ঐতিহ্যে ‘হজের মূল স্তম্ভ’ হিসেবে পরিচিত এই অবস্থানকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে গভীর আধ্যাত্মিক পরিবেশ। খবর আরব নিউজের।

মঙ্গলবার (২৬ মে) আরাফাতের ময়দানে ১৬ লাখেরও বেশি হাজি একত্রিত হয়েছেন বলে সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে। জিলহজ মাসের ৯ তারিখ ভোর থেকেই হাজিরা সেখানে পৌঁছাতে শুরু করেন। সূর্যাস্ত পর্যন্ত তারা অবস্থান করবেন এবং এ সময় ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির ও দোয়ায় ব্যস্ত থাকবেন।

ইসলামী ঐতিহ্যে আরাফাতে অবস্থান বা ‘উকুফে আরাফা’কে হজের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে ধরা হয়। হজের গুরুত্ব বোঝাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, “হজ হলো আরাফা।” ইসলামী চিন্তাবিদদের মতে, এই দিনটি ইসলামী ক্যালেন্ডারের সবচেয়ে পবিত্র সময়গুলোর একটি, যা রহমত, ক্ষমা ও আত্মশুদ্ধির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।

এই দিনটি ৬৩২ খ্রিস্টাব্দে মহানবী (সা.) এর বিদায় হজের সঙ্গেও সম্পর্কিত। সেই সময় আরাফাতের জাবালে রহমতে তিনি ঐতিহাসিক বিদায় হজের ভাষণ প্রদান করেন। ওই ভাষণে ন্যায়বিচার, সাম্য এবং মানুষের জীবন ও সম্পদের মর্যাদা সম্পর্কে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়।

এদিকে মঙ্গলবার দুপুরে হাজিদের উদ্দেশে আরাফার খুতবা প্রদান করা হবে। এতে দিনের গুরুত্ব ও ফজিলত নিয়ে ধর্মীয় দিকনির্দেশনা তুলে ধরা হবে। এরপর সুন্নাহ অনুযায়ী হাজিরা জোহর ও আসরের নামাজ একসঙ্গে সংক্ষিপ্তভাবে আদায় করেন।

আরো পড়ুন : জবাইয়ের আগেই পশু মারা গেলে কোরবানি আদায় হবে কি?

সারাদিন হাজিরা হাত তুলে দোয়া করেন, তালবিয়া ও তাকবির পাঠ করেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনায় নিমগ্ন থাকেন। গভীর বিনয় ও আত্মসমালোচনার পরিবেশে তারা ইবাদত চালিয়ে যান।

মূলত মক্কা থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত আরাফাতের বিস্তীর্ণ প্রান্তরে রয়েছে জাবালে রহমত বা ‘রহমতের পাহাড়’। অনেক হাজি সেখানে গিয়ে দোয়া ও ইবাদতে অংশ নেন। ইসলামী বিশ্বাস অনুযায়ী, এই স্থানেই হজরত আদম (আ.) ও হজরত হাওয়া (আ.) এর পুনর্মিলন ঘটেছিল বলে ধারণা করা হয়। তাই মুসলমানদের কাছে এর বিশেষ ধর্মীয় ও প্রতীকী গুরুত্ব রয়েছে।

আরাফাতে যাওয়ার আগে হাজিরা মিনায় ‘ইয়াওমুত তারবিয়া’ পালন করেন। মূলত আরাফাতে যাওয়ার পূর্ব প্রস্তুতি হিসেবে মিনায় অবস্থান করে তারা শারীরিক ও মানসিকভাবে হজের গুরুত্বপূর্ণ ধাপের জন্য প্রস্তুত হন।

চলতি বছর হাজিদের নিরাপদ যাতায়াত ও সেবা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। পবিত্র স্থানগুলোতে জনসমাগম নিয়ন্ত্রণ ব্যবস্থা, চিকিৎসা সেবা, পরিবহন নেটওয়ার্ক ও জরুরি সহায়তা ইউনিট মোতায়েন করা হয়েছে।

৪৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার কারণে স্বাস্থ্য কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। হাজিদের পর্যাপ্ত পানি পান এবং দীর্ঘ সময় সরাসরি রোদে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সূর্যাস্তের পর হাজিরা আরাফাত থেকে মুজদালিফার উদ্দেশে রওনা হবেন। সেখানে তারা মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করবেন এবং রাতযাপন করবেন। পরদিন শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের আনুষ্ঠানিকতার প্রস্তুতিও সেখানে সম্পন্ন হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝুম বৃষ্টিতে ভরদুপুরে যেন রাত নেমেছে রাজধানীতে

ঝুম বৃষ্টিতে ভরদুপুরে যেন রাত নেমেছে রাজধানীতে

ভূমিকম্পে কাঁপল দেশ

ভূমিকম্পে কাঁপল দেশ

ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী

ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী

আরাফাত ময়দানে সমবেত লাখো হজযাত্রী, শুরু মূল পর্ব

আরাফাত ময়দানে সমবেত লাখো হজযাত্রী, শুরু মূল পর্ব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App