×

রংপুর

সীমান্ত পেরিয়ে ঢুকছে ভারতীয় গরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৬:৫৫ পিএম

সীমান্ত পেরিয়ে ঢুকছে ভারতীয় গরু

ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশ করছে বলে অভিযোগ উঠেছে স্থানীয়দের কাছ থেকে। গভীর রাতে সীমান্ত অতিক্রম করে আনা এসব গরু দ্রুত ট্রাকে তুলে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে বিষয়টি সম্পর্কে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, তাদের কাছে এমন কোনো তথ্য ছিল না।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবারও কোরবানির ঈদকে সামনে রেখে ঠাকুরগাঁও থেকে দেশীয় গরু ঢাকাসহ বিভিন্ন জেলার হাটে পাঠানো শুরু হয়েছে। এর মধ্যেই জেলার পীরগঞ্জ ও বালিয়াডাঙ্গী সড়কে ভারতীয় গরু পরিবহনের দৃশ্য দেখা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যার পর পর্যন্ত ঠাকুরগাঁও থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন পরিবহনে ভারতীয় গরু বহন করা হচ্ছে। গভীর রাত পর্যন্ত চলে এই পরিবহন কার্যক্রম।

নাম প্রকাশে অনিচ্ছুক সীমান্তবর্তী এলাকার একাধিক বাসিন্দা জানান, কয়েকটি সক্রিয় চক্র সীমান্তের বিভিন্ন পয়েন্ট ব্যবহার করে ভারত থেকে অবৈধভাবে গরু আনছে। পরে সেগুলো স্থানীয়ভাবে জড়ো করে ট্রাকে তুলে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বালিয়াডাঙ্গীর রত্নাই সীমান্ত, আমজানখোর, ধনতলা ইউনিয়ন সংলগ্ন সীমান্ত এলাকা এবং রানীশংকৈলের ধর্মগড় ও জগদ্দল সীমান্ত দিয়েই এসব গরু প্রবেশ করছে।

বালিয়াডাঙ্গী সীমান্ত এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, প্রতিদিন গভীর রাতে সীমান্ত দিয়ে গরু ঢুকছে। একদিন রাত আড়াইটার দিকে কয়েকটি গরুর পাল ভেতরে আসতে দেখি। পরে সেগুলো ছোট ট্রাকে তুলে নিয়ে যাওয়া হয়। বিষয়টি স্থানীয়দের অজানা নয়।

আরেক প্রত্যক্ষদর্শী জাহিদ হাসান বলেন, লাহিড়ী হাটে ভারতীয় গরু বিক্রি হচ্ছে। গভীর রাতে বালিয়াডাঙ্গী সড়কে একের পর এক গরুবাহী ট্রাক চলাচল করতে দেখা যায়। গরুগুলোর গঠন ও চিহ্ন দেখেই বোঝা যায় এগুলো ভারতীয়।

এদিকে ভারতীয় গরুর অনুপ্রবেশে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় খামারিরা। তাদের দাবি, কোরবানির বাজারে বিদেশি গরু ঢুকলে দেশীয় খামারিরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন।

খামারি মো. রফিকুল ইসলাম বলেন, “আমরা সারা বছর খরচ করে গরু পালন করি। এখন যদি ভারতীয় গরু বাজার দখল করে, তাহলে দেশীয় গরুর দাম পড়ে যাবে। এতে ছোট ও মাঝারি খামারিরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।”

সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আব্দুল লতিফ বলেন, চলতি বছর কোরবানির পশুর বাজার তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। বিক্রেতা ও ক্রেতা উভয়ই দামে সন্তুষ্ট। তবে ভারতীয় গরুর অনুপ্রবেশ ঘটলে দেশীয় বাজারে অস্থিরতা তৈরি হতে পারে।

ঠাকুরগাঁও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইজাহার আহমেদ খান বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু প্রবেশ স্থানীয় অর্থনীতি, খামারি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় উদ্বেগের বিষয়। ঈদের আগে এ ধরনের চোরাচালান বৃদ্ধি পায়, যা দেশীয় খামারিদের ন্যায্য দামের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আহসান কবির বলেন, সীমান্ত এলাকায় টহল, গোয়েন্দা নজরদারি ও অভিযান নিয়মিতভাবে চলছে। অবৈধভাবে কোনো ধরনের চোরাচালান যাতে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি অব্যাহত আছে এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশের কোনো সুযোগ নেই।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, বিষয়টি আমরা নিয়মিত তদারকি করছি। ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু প্রবেশের বিষয়টি আমার জানা ছিল না। তবে ভিডিও দেখে নিশ্চিত হয়েছি এমন ঘটনা ঘটছে। দ্রুত সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে কথা বলব এবং বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্র সংস্কারের বদলে বিএনপি ভাগ-বাটোয়ারার রাজনীতিতে ব্যস্ত

রাষ্ট্র সংস্কারের বদলে বিএনপি ভাগ-বাটোয়ারার রাজনীতিতে ব্যস্ত

দেড় মিনিটের টর্নেডোতে লণ্ডভণ্ড সব, প্রাণ গেল বৃদ্ধার

শেরপুরের নালিতাবাড়ী দেড় মিনিটের টর্নেডোতে লণ্ডভণ্ড সব, প্রাণ গেল বৃদ্ধার

ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারে প্রাণ গেল শিশুর

ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারে প্রাণ গেল শিশুর

রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর

রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App