প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৮:২৮ পিএম
ছবি : সংগৃহীত
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সপ্তম উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানকে নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারির কয়েক ঘণ্টার মধ্যেই তা বাতিল করা হয়েছে।
বুধবার (১৪ মে) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরেকটি প্রজ্ঞাপনে তার নিয়োগ বাতিল করা হয়। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন সহকারী সচিব মো. সুলতান আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের ১৪ মে, ২০২৬ তারিখের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সম্পর্কিত সকল আদেশ এতদ্বারা বাতিল করা হলো এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
তবে নিয়োগ বাতিলের কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। সংশ্লিষ্টদের ধারণা, ড. আনিসুর রহমান আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের বোন জামাই হওয়ায় তার নিয়োগ বাতিল হতে পারে।
জানা যায়, নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বিতীয় মেয়াদে তিনি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এবং তৃতীয় মেয়াদে সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
