×

রংপুর

এনসিপির ইফতারে ছাত্র-যুবশক্তির সংঘর্ষ, আহত ৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৮:৫২ এএম

এনসিপির ইফতারে ছাত্র-যুবশক্তির সংঘর্ষ, আহত ৫

ছবি : সংগৃহীত

রংপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় ইফতার মাহফিলকে কেন্দ্র করে দলটির সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তি ও ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে তিনজন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং আরো দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আতিক মুজাহিদ এবং জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি তারিকুল ইসলামসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বহু নেতা।

আরো পড়ুন : মদের টাকা না পেয়ে সরকারি অফিস ভাঙচুর করলো ইউপি সদস্য

দলীয় সূত্রে জানা যায়, ইফতার মাহফিলে স্টেডিয়ামের প্রবেশ ফটকে অভ্যর্থনার দায়িত্বে ছিলেন মহানগর ছাত্রশক্তির নেতাকর্মীরা। এ সময় কাউনিয়া-পীরগাছা এলাকার যুবশক্তির কয়েকজন কর্মী আমন্ত্রণপত্র ছাড়া অনুষ্ঠানে প্রবেশ করতে চাইলে তাদের আটকে দেওয়া হয়।

এনসিপির রংপুর মহানগর কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব আলমগীর নয়নের অভিযোগ, তিনি ওই কর্মীদের ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করলে ছাত্রশক্তির কয়েকজন নেতা হট্টগোল শুরু করেন। পরে তাকে ধাক্কাধাক্কি করা হয়। তাকে রক্ষা করতে গেলে যুবশক্তির জেলা কমিটির সংগঠক রাশেদুজ্জামান এবং বদরগঞ্জ উপজেলা কমিটির সংগঠক আকাশ ইসলামকে মারধর করা হয়।

যুবশক্তির নেতাদের অভিযোগ, ইফতারের পর আবারও যুবশক্তির মহানগর সংগঠক মোতাওয়াক্কিল বিল্লাহ শাহ ফকিরকে মারধর করা হয়। তাকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে জেলা যুবশক্তির সংগঠক লেমন শাহসহ আরো কয়েকজন আহত হন।

অন্যদিকে ছাত্রশক্তির নেতারা হামলার অভিযোগ অস্বীকার করেছেন। মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ বলেন, এটি বড় ধরনের হামলা নয়, নিজেদের মধ্যে সামান্য বিশৃঙ্খলা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।

ছাত্রশক্তির নেতা ফারহান তানভীর ফাহিমও বলেন, বিষয়টি সংগঠনের অভ্যন্তরীণ ব্যাপার এবং এ নিয়ে দলীয়ভাবে আলোচনা চলছে।

এদিকে এনসিপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আতিক মুজাহিদ জানিয়েছেন, ঘটনাটি নিয়ে দলীয়ভাবে আলোচনা করা হচ্ছে। তদন্ত করে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App