নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৬, ১১:২৭ পিএম
ছবি: ফাইল ফটো
জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে গবেষণা ও নজরুলসংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ পাচ্ছেন দুই গুণী ব্যক্তিত্ব।
বুধবার (২০ মে) বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নজরুল গবেষণায় অধ্যাপক রশিদুন নবী এবং নজরুলসংগীত চর্চায় বিশিষ্ট সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা এ পুরস্কারে ভূষিত হচ্ছেন।
জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২৩ মে বিকেল ৩টায় বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
অধ্যাপক রশিদুন নবী একজন শিক্ষাবিদ, সংগীতজ্ঞ, স্বরলিপিকার ও বিশিষ্ট নজরুল গবেষক। নজরুলসংগীতের অন্যতম বৃহৎ সংকলনগ্রন্থ ‘নজরুল-সংগীত সংগ্রহ’-এর সম্পাদক তিনি। ১৯৭১ সালে ছাত্রাবস্থায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
অন্যদিকে ফাতেমা তুজ জোহরা দীর্ঘদিন ধরে নজরুলগীতি ও আধুনিক গান পরিবেশন করে আসছেন। সংগীতচর্চার পাশাপাশি তিনি লেখালেখিও করেন। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে কবিতা, ছড়া, উপন্যাস, গল্প ও কলাম সংকলন। সংগীতে অসামান্য অবদানের জন্য তিনি ২০০৬ সালে একুশে পদকে ভূষিত হন।
