নাটোরে বিদেশি পর্যটকদের হয়রানি, দুই টিকটকার গ্রেপ্তার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৬, ১১:১৭ পিএম
ছবি: সংগৃহীত
নাটোরের লালপুরের গ্রিন ভ্যালি পার্কে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দুজন বিদেশি নাগরিককে শ্লীলতাহানি ও অশালীন ভাষায় হয়রানি করার অভিযোগে দুই টিকটকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১০ মে) তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহীর মোহনপুর উপজেলার আমিনুল ইসলাম (৩০) ও তানোর উপজেলার রাসেল ইসলাম (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৮ মে) গ্রিন ভ্যালি পার্কে ‘টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬’ ব্যানারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক কন্টেন্ট ক্রিয়েটর এতে অংশ নেন। বিকেল তিনটার দিকে পার্কে ঘুরতে আসা রূপপুর প্রকল্পের দুই বিদেশি নাগরিককে দেখে ১০-১২ জন যুবক ঘিরে ধরেন এবং তাদের উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন অঙ্গভঙ্গি করতে থাকেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অভিযুক্তরা বিদেশি পর্যটকদের ঘিরে ধরে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করছেন। একজন অভিযুক্তকে বলতে শোনা যায়, ‘তুমি মিয়া খলিফার স্বামী’। এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে বিদেশি নাগরিকরা চরম বিব্রত ও অসহায় বোধ করেন। ভিডিওটি আমিনুল ইসলাম তার ফেসবুক পেজে আপলোড করলে দ্রুত তা ভাইরাল হয় এবং নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
ফেসবুক ব্যবহারকারীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলছেন, বিদেশি নাগরিকদের সঙ্গে এমন আচরণ দেশের পর্যটন খাতের ভাবমূর্তি আন্তর্জাতিক মহলে মারাত্মকভাবে ক্ষুণ্ন করবে। পর্যটন কেন্দ্রগুলোতে বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।
ঘটনাটি জানাজানি হওয়ার পর গ্রিন ভ্যালি পার্ক কর্তৃপক্ষ বাদী হয়ে লালপুর থানায় মামলা দায়ের করে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, "বিদেশি নাগরিকদের হয়রানি করার বিষয়টি প্রমাণিত হওয়ায় আমরা অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। ভিডিওতে দৃশ্যমান অন্য আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।"
এ ঘটনায় পার্ক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, কন্টেন্ট ক্রিয়েশনের নামে এ ধরনের অপসংস্কৃতি বন্ধে কঠোর আইনি পদক্ষেপ জরুরি।
