×

খবর

‘দ্রুত ঋণের’ অবৈধ অ্যাপের ফাঁদে নাকাল অসংখ্য মানুষ

Icon

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আয়েন উদ্দীন : সামাজিক যোগাযোগ মাধ্যমে সুন্দরী কোনো নারীর ছবি কিংবা বাংলাদেশ ব্যাংকের লোগো দিয়ে তৈরি বিজ্ঞাপনে নানা প্রলোভন দেখিয়ে অসংখ্য মানুষকে ‘দ্রুত ঋণের’ ফাঁদে ফেলছে মুঠোফোনের বিভিন্ন অবৈধ অ্যাপ। সহজে ঋণ পাওয়ার ফাঁদে পা দিয়ে নির্যাতন আর অপমানের শিকার হতে হচ্ছে অনেককে। হাতিয়ে নেয়া হচ্ছে কয়েক গুণ টাকা, জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি) নানা ব্যক্তিগত তথ্য। ঋণ নিয়ে ‘ব্ল্যাকমেইলের’ শিকারও হচ্ছেন কেউ কেউ। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশর মতো উন্নয়নশীল দেশ এ ধরনের প্রতারণার ঊর্বর ভূমি। এদেশে নতুন ব্যবহারকারী বেশি। সোশ্যাল মিডিয়ার নিরাপদ ব্যবহারের নিয়ম-কানুন জানে না ৮০ শতাংশ মানুষ। ফলে লোভে পড়ে অনলাইনে প্রতারিত হওয়ার পাশাপাশি পড়তে হচ্ছে নানা বিপদে। এসব প্রতারণা বন্ধে টাস্কফোর্স গঠনের কথা থাকলেও এখনো তা হয়নি। আর্থিক লেনদেনের প্রতারণা বন্ধে জোরদার মনিটরিং করার জন্য আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে বলছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। ‘ক্যাশবক্স’ নামে একটি অনলাইন অ্যাপ থেকে ঋণ নিয়ে ভারতীয় আইনজীবী ভূমি সিনহার মতো করুণ অবস্থায় পড়েন ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব টেকনোলজির সাভার শাখার শিক্ষার্থী শুভ মজুমদার। ভোরের কাগজকে তিনি বলেন, ফেসবুকে ক্যাশবক্সের বিজ্ঞাপন দেখে ঋণ নেয়ার জন্য আবেদন করি। তারা আমার ভোটার আইডি কার্ড ও ছবি নেয়। পরে তারা আমার পরিচিত দুটি ফোন নম্বর চায়। আমার বাসার নম্বরও পাঠাই। তারপর তারা ফোন করে বলল, ২৩০০ টাকা লোন নিতে পারব। কিন্তু তারা আমার বিকাশ নম্বরে পাঠায় ১৪০০ টাকা। এক সপ্তাহ পরে আরেক নম্বর থেকে ফোন করে ঋণ পরিশোধের কথা বলে। আমি পরিশোধ করে দেই। পরের সপ্তাহে আবার ফোন করে টাকা দাবি করে। তিনি বলেন, টাকা না পাঠালে ফোন করে নানা হুমকি দিচ্ছে। আরো টাকা দাবি করছে। আমার পরিচিত সব নম্বর, সব বন্ধুর ফেসবুক আইডিসহ সব সোশ্যাল মিডিয়ার আইডি ও পরিবারের সবার ছবি তাদের কাছে পাঠাতে বলে। তারা বলে, আমার ছবি, পরিবারের ছবি এডিট করে ‘সেক্সি পিক’সহ অন্যান্য পর্নোসাইটে আপলোড করবে। এছাড়া আমার ব্যক্তিগত তথ্য (এনআইডি, ছবি) সামাজিক বিভিন্ন সাইটে বিক্রি করবে। ভোরের কাগজকে শুভ বলেন, আমি উদ্বিগ্ন। ক্রমাগত টাকা দাবি করে যাচ্ছে। তারা যদি ছবি এডিট করে পর্নো সাইটে আপলোড করে তাহলে আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হবে। ক্যাশবক্সের (CashBox) মতো আরো অনেক ঋণদাতা অ্যাপস খুঁজে পাওয়া যায় ফেসবুকে। এগুলো হলো- সান ওয়ালেট সিকিউর লোন (Sun Wallet-Secure Loan), আমরালোনবিডি (amarloanbd), দ্য বেস্ট কার্ড বাংলাদেশ (The Best cards Bangaldesh), অনলাইন কুইক লোন (Online Quick Loan), বিগ ভূয়াএএ (Big vhua AA), অনলাইনল্যান্ডিং (OnlineLending)। এসব অ্যাপ ব্যক্তি পর্যায়ে ৬ থেকে ২৪ শতাংশ সুদে ৫ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত ঋণের প্রস্তাব দিচ্ছে। এই প্রলোভনে পড়ে গুগল প্লে স্টোর থেকে অ্যাপগুলো ডাউনলোড করছেন অনেকে। যেমন ‘সান ওয়ালেট সিকিউর লোন’ নামের অ্যাপটি চলতি বছরের এপ্রিলে গুগলের প্লে স্টোরে আসে। এখন পর্যন্ত এক লাখের বেশিবার ডাউনলোড করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অ্যাপ ডাউনলোড করলে মোবাইলের নিয়ন্ত্রণ বেহাত হওয়ার পাশাপাশি হ্যাক হতে পারে মোবাইলে থাকা সব ছবি-ভিডিওসহ ফেসবুকের নানা তথ্য। ক্যাশবক্সের অ্যাপে দেয়া নম্বরে হোয়াটস অ্যাপে যোগাযোগ করেন এই প্রতিবেদক। তাদের কাছে লোন নেয়ার বিষয়ে মেসেঞ্জারেও আলাপ হয়। রবিউল পরিচয় দিয়ে অপর প্রান্ত থেকে জানানো হয়, ঋণের নিতে হলে গ্রহীতার এনআইডি, দুই কপি ছবি এবং নমিনির এনআইডি, মোবাইল নম্বর ও ছবি তুলে পাঠাতে হবে। সেই সঙ্গে নির্দিষ্ট ফরম পূরণ করে ৩২০ টাকা বিকাশে নম্বরে (০১৯৬৩০৯৬৬৯০) অগ্রিম পাঠাতে হবে। তাদের অফিসের ঠিকানা জানতে চাইলে বলেন- হাউস-১১ (৩য় তলা), রোড-১৭, সেক্টর-১, উত্তরা। তবে ওই ঠিকানায় গিয়ে এই নামে কোনো অফিস পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খোঁজ মেলে ডঊঈঅঝঐ নামে আরেকটি লোন অ্যাপের। সুন্দরী নারীর ছবি এবং বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিচ্ছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞাপনের সঙ্গে একটি লিংক যোগ করে দেয়া হয় (https://bgd-apks.oss-ap-southeast-1.aliyuncs.com/wecash.apk)। একই লিংক যুক্ত করে অনলাইন লোন.কম (online Loan.com) নামে আরেকটি ফেসবুক একাউন্ট খোলে প্রচারণা চালাচ্ছে তারা। ওই লিংক দিয়ে রবিন মিয়া নামে আরেকটি একাউন্ট থেকেও একই ধরনের প্রলোভন দেখিয়ে ঋণ দেয়ার প্রচারণা চালানো হচ্ছে। +১(৮০২) ৫১৮০৬৯৮ এই নম্বরে তাদের সঙ্গে হোয়াস অ্যাপে যোগাযোগ হয়। ঋণ নেয়ার ক্ষেত্রে তারাও ব্যক্তিগত একাধিক তথ্য চেয়েছেন। সেই সঙ্গে প্রত্যাশিত লোনের ১০ শতাংশ অগ্রিম পাঠাতে বলেন। ঠিকানা চাইলে বলেন, অফিসের ঠিকানা দিয়ে কী করবেন? অনলাইনে ঋণ লেনদেনে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন আছে কিনা, এমন প্রশ্নের উত্তরে জানানো হয়, উত্তর দিতে তারা বাধ্য নয়। পরে ওই নম্বর থেকে ‘তাদেরকে ঘাটালে ঝামেলায় পড়তে হবে’- এই বলে হুমকি দেয়া হয়। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের সব অ্যাপের বেশির ভাগ সার্ভার বিদেশ থেকে চালানো হলেও অনেক অ্যাপের সার্ভার বাংলাদেশই আছে। একজন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ জানান, ডঊঈঅঝঐ এর সার্ভার লোকেশন ঢাকায়। এ ধরনের সাইটগুলো বিটিআরসি ইচ্ছে করলে তাৎক্ষণিক বন্ধ করে দিতে পারে। ভারতে অন্তত ৬০ জনের আত্মহত্যা, বাংলাদেশেও বাড়ছে ঝুঁকি : ভারতের মুম্বাইয়ের আইনজীবী ভূমি সিনহা মুঠোফোনের অ্যাপভিত্তিক একটি ঋণদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে ৪৭ হাজার রুপি নিয়েছিলেন। পরে সুদ ও আসলে তার কাছে দাবি করা হয় ২০ লাখ রুপি। ঋণ শোধ করেও পাড় পাননি ভূমি। ব্ল্যাকমেল (প্রতারণা) আর ফোনের অত্যাচারে তিনি শেষ পর্যন্ত আত্মহত্যাকেই ভরসা মনে করেছিলেন। পরে স্বজনেরা তাকে রক্ষা করেন। ঋণের ফাঁদে পড়ে আত্মহত্যা নিয়ে গত ১১ অক্টোবর বিবিসি একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে ভূমি সিনহার কথা উঠে এসেছে। বিবিসি জানিয়েছে, ভারতসহ এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রায় ১৪টি দেশে দ্রুত ঋণ পাইয়ে দেয়ার ফাঁদ দেখিয়ে অবৈধ ব্যবসা চলছে। ভারতে এই ফাঁদে পা দিয়ে নির্যাতন আর অপমানের শিকার হয়ে অন্তত ৬০ জন আত্মহত্যা করেছেন। এসব অ্যাপ থেকে যারা ঋণ নিতেন, তাদের কাছ থেকে বাড়তি টাকা চাওয়া হতো। টাকা না দিলে ফটোশপ করে নগ্ন ছবি পরিচিতজনদের কাছে পাঠিয়ে দেয়া হতো। বিবিসি বলছে, অ্যাপটি চালু করার সময়ই মানুষের ফোনে থাকা নম্বর ও অন্যান্য তথ্যে প্রবেশাধিকার নিয়ে নিত। ভূমি সিনহার এমন একটি বানানো ছবি তার সহকর্মীদের কাছে পাঠানো হয়েছিল, যা তাকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়। ভুক্তভোগীরা লজ্জায় কাউকে বলতে পারতেন না। অপরাধীরাও ছিলেন অদৃশ্য। বিবিসির প্রতিবেদনটিতে বলা হয়, এসব অ্যাপ পরিচালনাকারী প্রতিষ্ঠান ঋণের টাকা উদ্ধারের জন্য কল সেন্টার নিয়োগ দেয়। কল সেন্টারের কর্মীরা দাবি করা টাকা পরিশোধের জন্য অশ্লীল ভাষা ব্যবহার ও হুমকি দিয়ে থাকেন। অ্যাপভিত্তিক ঋণের ব্যবসায় চীনের কিছু নাগরিকের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে বিবিসি। উদ্বেগজনক দিক হলো, বাংলাদেশেও ঋণ দেয়ার অ্যাপ বাড়ছে। আর ওই সব অ্যাপ আইন মানছে না। নেই কোনো অনুমোদন। বাংলাদেশে ঋণের অ্যাপগুলোর ব্যবহার ও বিজ্ঞাপন যে বাড়ছে সেই চিত্র উঠে আসে ওয়েবসাইটের ট্রাফিক বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিমিলারওয়েবে। প্রতিষ্ঠানটি বাংলাদেশের আর্থিকবিষয়ক যেসব অ্যাপকে জনপ্রিয় হিসেবে উল্লেখ করেছে, সেগুলোর মধ্যে অন্তত ৩২টি বাংলাদেশে অবৈধ। ক্যাশ বক্স, হ্যাপি মানি, কুইক অ্যান্ড সেফ, লোন ট্রাই, গাইড লোন ইত্যাদি অ্যাপ রয়েছে এই তালিকায়। এ ধরনের প্রতারণা থেকে জনগণকে সর্তক করে বিজ্ঞপ্তিও দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। অনলাইনে কিছু অ্যাপের মাধ্যমে ঋণ দেয়ার প্রচারণা নিয়ে দেশের অর্থিক লেনদেন নিয়ন্ত্রণকারী সরকারি প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশ ব্যাংক ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি যাদের অনুমোদন দেবে, তারাই ঋণ কার্যক্রম পরিচালনা করতে পারবে। এর বাইরে যারা আছে, তারা অবৈধ। এসব অবৈধ আর্থিক লেনদেনের অ্যাপের বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ভোরের কাগজকে বলেন, বাংলাদেশে শুধুমাত্র ফেসবুক ব্যবহার করে ৫ কোটির বেশি মানুষ। আমাদের এত বড় ‘অডিয়েন্স’ মনিটর করার সক্ষমতা নেই। সেই টেকনোলজিও নেই। আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স (কৃত্রিমা বুদ্ধিমত্তা) থাকলে সেটা দিয়ে মনিটর করে এসব অবৈধ অ্যাপের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যেত। আমাদের এখনো নির্ভর করতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর। তিনি বলেন, এটা নির্বাচনের বছর হওয়ায় খুব বেশি মনিটরিং করতে পারিনি। সামনের বছর মনিটরের বিষয়টি জোরদার করা হবে। গঠিত হয়নি টাস্কফোর্স : বাংলাদেশে অ্যাপ খুলে ঋণ দেয়ার নামে প্রতারণার ঘটনায় পুলিশের বিভিন্ন ইউনিট আটটি মামলার তদন্ত করছে। এসব মামলায় গত আগস্টে চীনের ৭ নাগরিকসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়। তদন্ত-সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলছেন, চীনের নাগরিকরা অ্যাপভিত্তিক ক্ষুদ্রঋণের প্রলোভন দেখান। বিনা জামানতে ঋণ দেয়ার কথা বলে মানুষকে ফাঁদে ফেলেন। অ্যাপের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের তথ্য, ই-মেইল, মুঠোফোনের নম্বরসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য নিয়ে নেয়া হয়। এরপর কাউকে ৫ হাজার টাকা ঋণ দিয়ে ৫০ হাজার থেকে কয়েক লাখ টাকা দাবি করা হয়। গ্রাহক টাকা দিতে অস্বীকার করলে ব্যক্তিগত তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়াসহ মামলার ভয় দেখানো হয়। গত আগস্টে মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ (এমটিএফই) গ্রুপ ইনকরপোরেটেড নামে একটি প্রতিষ্ঠান দেশের মানুষকে ফাঁদে ফেলে বিপুল অর্থ হাতিয়ে নেয়। এই অবস্থায় ২৯ আগস্ট ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠক হয়। সেখানে এ ধরনের জালিয়াতি ঠেকাতে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্তও হয়। টাস্কফোর্স গঠনের ব্যাপারে জানতে চাইলে মন্ত্রী মোস্তাফা জব্বার ভোরের কাগজকে বলেন, কাজ চলছে। এখন পর্যন্ত ছয় হাজার জুয়ার ওয়েবসাইট বন্ধ করা হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, মানুষ লোভের বশে কোনো কিছু যাচাই না করেই এসব ফাঁদে পা দিচ্ছেন। অনলাইনে বেশি প্রতারিত হচ্ছে গ্রামের মানুষ ও মধ্যবিত্তরা। কারণ তারা অনলাইন প্রতারণার বিষয়ে তেমন কিছু জানে না, সচেতনও নয়। তাদের মধ্যে লোভ কাজ করে। লোভে পড়ে সে প্রতারিত হচ্ছে। তাই সচেতন হতে হবে। এদিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, তাদের ডিজিটাল নিরাপত্তা সেল থেকে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমের ২০ হাজার ৭৮২টি লিংক অপসারণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে। লিংকগুলো রাষ্ট্রবিরোধী, জননিরাপত্তার জন্য হুমকি, সামাজিক মূল্যবোধবিরোধী, জঙ্গিবাদী, পর্নোগ্রাফি আধেয়, অনলাইন গেমিং, অনলাইন বেটিং বা জুয়া খেলা, সাংস্কৃতিক কিংবা ধর্মীয় বিষয়ে উসকানিমূলক ও উগ্রবাদী গুজব সংশ্লিষ্ট বিষয়ের ছিল। এছাড়া গত ৯ মাসে আর্থিক প্রতারণা, জুয়া বা অনলাইন বেটিং-সংশ্লিষ্ট ১ হাজার ৯৪৭টি ওয়েবসাইট ও ৪৮টি অ্যাপ বন্ধ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে জুয়ায় প্ররোচিত করা হয়, এমন ২ হাজার ৫টি ফেসবুক লিংক এবং ৪৩২টি ইউটিউব লিংক অপসারণ করা হয়েছে। আনলাইন নিরাপত্তা নিয়ে কাজ করা ভয়েসের নির্বাহী পরিচালক ও আইসিটি বিশেষজ্ঞ আহমেদ স্বপন মাহমুদ বলেন, বাংলাদেশ, ভারত, মায়ানমারের মতো উন্নয়নশীল দেশগুলোতে এ ধরনের প্রতারণা বেশি হয়। প্রতারকরা এসব দেশকে বেশি টার্গেট করে। কারণ এসব দেশে নতুন ব্যবহারকারী (সামাজিক যোগাযোগ মাধ্যম) বেশি। তারা তথ্য প্রযুক্তি ব্যবহারে শিক্ষিত নয়, এসব বিষয়ে তাদের জ্ঞান নেই। ফলে প্রতারিত হচ্ছে। তাই সরকারি প্রতিষ্ঠান, যারা আইটি ও তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করে, তাদের জনগণকে সচেতন করতে হবে। প্রচারণা চালাতে হবে। তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে গ্রামে গ্রামে গণসচেতনা তৈরি উদ্যোগ নিতে হবে সরকারকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত ইরানের

দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত ইরানের

ইসরায়েলি হামলায় লেবাননে ১,৩১৮ জনের মৃত্যু

ইসরায়েলি হামলায় লেবাননে ১,৩১৮ জনের মৃত্যু

 ইরানে শাসন পরিবর্তনে বিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

জোহরান মামদানি ইরানে শাসন পরিবর্তনে বিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

মোজতবা খামেনির অবস্থান নিয়ে যা বললো রাশিয়া

মোজতবা খামেনির অবস্থান নিয়ে যা বললো রাশিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App