দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত ইরানের
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১২:০৪ এএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতার জবাবে দীর্ঘমেয়াদী সংঘাতের প্রস্তুতি নিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা অন্তত ছয় মাস এই যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম এবং এই সময়ে তাদের পাল্টা সামরিক অভিযানগুলো নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে ইরানের এই অনড় অবস্থান সংঘাতকে আরো দীর্ঘায়িত করার ইঙ্গিত দিচ্ছে।
মঙ্গলবার (৩১ মার্চ) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বার্তা সংস্থা আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।
সাক্ষাৎকারে আরাগচি জোর দিয়ে বলেন, ‘শত্রুদের বেঁধে দেওয়া সময়সীমার তোয়াক্কা না করেই ইরান নিজেকে রক্ষা করতে সংকল্পবদ্ধ। যত দিন দরকার আমরা যুদ্ধ চালিয়ে যাব।’
দেশটির বাহিনী দীর্ঘমেয়াদি অভিযান পরিচালনায় সক্ষম বলে সতর্ক করেন তিনি।
ওয়াশিংটনের দাবি নাকচ করে দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনার সংজ্ঞাকে নতুন করে ব্যাখ্যা করেছেন। যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নেওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্পর্কের পরিভাষায় আলোচনা মানে দুই দেশের একসঙ্গে বসে চুক্তিতে পৌঁছানোর প্রক্রিয়া। তবে বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তেমন কোনো পরিবেশ নেই।’ আরাগচি আরও স্পষ্ট করেন যে, যুদ্ধরত দেশগুলোর মধ্যে মাঝেমধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বার্তার আদান-প্রদান হতে পারে, কিন্তু একে কোনোভাবেই আনুষ্ঠানিক ‘আলোচনা’ হিসেবে গণ্য করা যায় না।
তবে আরাগচি স্বীকার করেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই ধরনের বার্তা আদান-প্রদান অব্যাহত আছে। ইরান যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিছু বার্তা সরাসরি এবং কিছু আঞ্চলিক বন্ধুদের মাধ্যমে পাচ্ছে। প্রয়োজন অনুযায়ী ইরান সেগুলোর জবাবও দিচ্ছে।’
আরাগচি বলেন, ‘স্টিভ উইটকফ অতীতের মতো তাঁকে সরাসরি বার্তা পাঠানো অব্যাহত রেখেছেন। কিন্তু তাঁর মতে, এটিকে যুদ্ধ বন্ধের আলোচনা বলা যায় না। এটি যোগাযোগের একটি মাধ্যম, যা শান্তি বা যুদ্ধ—উভয় সময়ে চলতে পারে এবং তা বর্তমানেও চলছে।’
