ডা. শফিকুর রহমান
দেশের ক্ষতি হলে নীরব থাকা হবে না
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৫:১০ পিএম
ছবি : সংগৃহীত
সরকারের ভালো উদ্যোগে সহযোগিতা করা হবে, তবে দেশের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড হলে তার বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৯ মে) সকালে জাপান সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারের ভুলত্রুটি তুলে ধরা বিরোধী দলের দায়িত্ব। একই সঙ্গে জনগণের কল্যাণে নেওয়া ইতিবাচক উদ্যোগে সহযোগিতা করাও প্রয়োজন। তবে দেশের ক্ষতি হয়- এমন কোনো সিদ্ধান্ত বা কর্মকাণ্ড হলে তা মেনে নেওয়া হবে না।
জাপান সফর প্রসঙ্গে তিনি জানান, জাপানের বিভিন্ন মহল বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশকে ইতিবাচকভাবে দেখছে। বিশেষ করে সরকার ও বিরোধী দলের মধ্যে সমালোচনার পাশাপাশি সহযোগিতামূলক সম্পর্ক তাদের দৃষ্টি আকর্ষণ করেছে।
দেশে ক্যান্সার চিকিৎসার সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন জামায়াত আমির। তিনি বলেন, দেশে ক্যান্সার রোগীর সংখ্যা বাড়লেও উন্নত ও বিশেষায়িত চিকিৎসা সুবিধা এখনও পর্যাপ্ত নয়। ফলে অনেক রোগীকেই চিকিৎসার জন্য বিদেশে যেতে হয়, যা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না।
তিনি আরও জানান, জাপানের কাছে বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে। তার মতে, শুধু হাসপাতাল নয়, একটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউট গড়ে উঠলে চিকিৎসার পাশাপাশি দক্ষ চিকিৎসক ও গবেষক তৈরির সুযোগ সৃষ্টি হবে।
দেশে ফেরার পথে থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই আন্দোলনে আহতদেরও খোঁজ নেন বলে জানান তিনি। সেখানে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন আহতদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
