নেইমারকে বিশ্বকাপে দেখতে চান মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৫:২৭ পিএম
ছবি- সংগৃহীত
লিওনেল মেসি ও নেইমারের সেই বার্সেলোনা অধ্যায় অনেক আগেই চুকেছে। পিএসজিতেও একসঙ্গে পথচলা শেষ হয়েছে। তবে বদলে যায়নি তাদের বন্ধুত্ব। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে প্রিয় বন্ধু নেইমারকে নিয়ে নিজের ইচ্ছার কথা জানালেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি। স্পষ্টই বললেন, ব্রাজিলের জার্সিতে নেইমারকে বিশ্বকাপে দেখতে পেলে তিনি খুশি হবেন।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ জুন শুরু হবে ফুটবলের মহাযজ্ঞ। ব্রাজিল দলে নেইমার থাকবেন কি না, তা নিয়ে এখনো চলছে জোর আলোচনা। চোট আর ফিটনেস মিলিয়ে দীর্ঘ বিরতির পর নেইমারের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। তবে মেসির মতে, বিশ্বকাপের মতো মঞ্চে সেরা খেলোয়াড়দের থাকা উচিত। আর নেইমার তাদেরই একজন।
‘লো দেল পোয়ো’ অনুষ্ঠানে মেসি বলেন, ‘আমি নিরপেক্ষ হতে পারি না, কারণ নেইমার আমার বন্ধু। আমি চাই সে বিশ্বকাপে থাকুক। মানুষ হিসেবে সে এটা পাওয়ার যোগ্য। আশা করি সে সেখানে থাকতে পারবে।’
মেসি ও নেইমারের সম্পর্ক শুধু মাঠের নয়। বার্সেলোনায় লুইস সুয়ারেজকে সঙ্গে নিয়ে তারা গড়েছিলেন বিশ্বসেরা আক্রমণভাগ ‘এমএসএন’। পরে পিএসজিতেও খেলেছেন একসঙ্গে। সেই বন্ধুত্বের খাতিরেই মেসি মনে করেন, নেইমার যে অবস্থাতেই থাকুন না কেন, তার উপস্থিতি ফুটবল ও ব্রাজিলের জন্য দারুণ ব্যাপার হবে।
নেইমারের সাম্প্রতিক সময়টা অবশ্য চোটের কারণে বেশ কঠিন কেটেছে। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের পর আর জাতীয় দলে দেখা যায়নি তাকে। তবে শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পর ধীরে ধীরে ছন্দে ফিরছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। শেষ ১০ ম্যাচে তার গোল ৫টি, করিয়েছেন আরও ২টি।
নেইমারকে দলে নেওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির হাতে। কোচ সাফ জানিয়ে দিয়েছেন, শতভাগ ফিট থাকলেই কেবল নেইমারকে বিবেচনায় নেওয়া হবে।
