×

পাকিস্তান

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় নিহত ৪০০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১১:৫৭ এএম

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় নিহত ৪০০

ছবি : সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে বিমান হামলার ঘটনায় শতাধিক মানুষ হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তালেবান সরকার এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে।

তালেবান সরকারের এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, সোমবার সন্ধ্যায় হাসপাতালটিতে হামলা চালানো হয়। এতে কিছু মানুষ নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন।

তালেবান সরকারের দাবি অনুযায়ী, পাকিস্তানি বিমানবাহিনীর হামলায় চিকিৎসাধীন রোগীরা হতাহত হয়েছেন। তবে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় হাসপাতাল লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে।

পাকিস্তান জানিয়েছে, কাবুল ও পূর্ব আফগানিস্তানের নানগারহার প্রদেশে সামরিক স্থাপনা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তাকারী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছে বিবিসি। তাদের সংবাদদাতা ইয়ামা বারিজ হামলার শিকার হাসপাতালটিতে গিয়ে অন্তত ৩০টি মরদেহ নিজ চোখে দেখেছেন। তিনি জানান, ঘটনাস্থলে থাকার সময়ও ভবনের কিছু অংশ জ্বলছিল।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে প্রায় দুই হাজার রোগী চিকিৎসাধীন ছিলেন এবং হতাহতের সংখ্যা কয়েকশ হতে পারে।

আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শারাফাত জামান আমরখাইল বিবিসিকে বলেন, হাসপাতালের আশপাশে কোনো সামরিক স্থাপনা নেই।

তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেন, এই হামলায় ৪০০ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছেন। তিনি জানান, রাত প্রায় ৯টার দিকে পাকিস্তানের সামরিক সরকার মাদকাসক্তদের চিকিৎসার জন্য দুই হাজার শয্যার ওমিদ হাসপাতালটিতে বোমা হামলা চালায়। এতে হাসপাতালের বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেছে এবং হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আফগানিস্তানের ন্যাশনাল রিকন্সিলিয়েশন বিষয়ক হাই কাউন্সিলের সাবেক প্রধান আবদুল্লাহ আবদুল্লাহ ফেসবুকে দেওয়া এক পোস্টে কাবুলে পাকিস্তানের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি একে ভালো প্রতিবেশীসুলভ সম্পর্কের নীতির সম্পূর্ণ পরিপন্থী উল্লেখ করে বলেন, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আফগানিস্তানের ক্রিকেটার রশিদ খানও কাবুলে বিমান হামলার নিন্দা জানিয়ে একে অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, স্থানীয় সময় রাত প্রায় ৮টা ৫০ মিনিটে কাবুলজুড়ে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শব্দও শোনা যায়।

হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের স্বজনরা বাইরে জড়ো হয়ে নিজেদের প্রিয়জনদের খোঁজ নেওয়ার চেষ্টা করছেন।

প্রতিবেশী দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা গত মাসে আবারও তীব্র হয়। পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে জঙ্গি গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়ার অভিযোগ করলেও তালেবান সরকার তা অস্বীকার করেছে।

জাতিসংঘের আফগানিস্তান সহায়তা মিশনের তথ্য অনুযায়ী, গত ২৬ ফেব্রুয়ারি থেকে দুই দেশের সীমান্তে সংঘর্ষ শুরু হয়। এতে আফগানিস্তানে অন্তত ৭৫ জন নিহত এবং ১৯৩ জন আহত হয়েছেন।

গত অক্টোবর মাসে দুই পক্ষ একটি নাজুক যুদ্ধবিরতিতে সম্মত হলেও তার পরও কয়েক মাস ধরে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝড়ের কবলে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে আটকা লঞ্চ

ঝড়ের কবলে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে আটকা লঞ্চ

ঢাকা-বরিশাল মহাসড়ক প্রশস্তকরণের আশ্বাস সেতুমন্ত্রীর

ঢাকা-বরিশাল মহাসড়ক প্রশস্তকরণের আশ্বাস সেতুমন্ত্রীর

৭ মার্চের ভাষণ: ইতিহাস, স্মৃতি ও বর্তমানের প্রশ্ন

৭ মার্চের ভাষণ: ইতিহাস, স্মৃতি ও বর্তমানের প্রশ্ন

রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App