×

জাতীয়

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৭:২৩ পিএম

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

ছবি : ফাইল ফটো

স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে দলগুলোকে চিঠি দেওয়া হবে এবং সাধারণ নাগরিকদের মতামতের জন্যও বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সোমবার (৮ জুন) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ইসি সচিব আখতার আহমেদ।

তিনি জানান, ‘আমার ব্যক্তিগত ধারণা অনুযায়ী, আমরা বিজ্ঞপ্তি দেব, মিডিয়ায় কথা বলব এবং রাজনৈতিক দলগুলোকে চিঠি পাঠাব।’ এর আগে কমিশন সভা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। অতীতেও একই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

কমিশন সভা কবে হতে পারে, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘এক্সাক্টলি বলতে পারছি না। আশা করা যায়, এই সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহে কমিশন সভা হতে পারে।’

ইউনিয়ন পরিষদের আচরণবিধি চূড়ান্ত হয়েছে কি না- এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ফাইনাল বলতে যা বোঝায়, তা ড্রাফট পর্যায়ে আমাদের স্তরে ঠিক করা হয়েছে। কমিশন অনুমোদন দিলে এরপর আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে।’

তিনি আরও জানান, দলীয়ভাবে স্থানীয় নির্বাচন হবে না -এই অংশটি বাদ দেওয়া হচ্ছে এবং আইন অনুযায়ী সংশোধন প্রয়োজন হবে।

বিগত সরকারের রাজনৈতিক দলের সদস্যদের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আইনগতভাবে যেখানে নিষেধাজ্ঞা রয়েছে, যেমন চার্জশিটভুক্ত বা মামলা আছে, সেক্ষেত্রে বিষয়টি ভিন্ন। তবে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা ছিল না। তিনি বলেন, ‘কেউ যদি অফিসবিয়ারার না হন, তাহলে তিনি করতে পারবেন। তবে সেক্রেটারি পদে থাকলে এবং মামলা থাকলে সেটি অনুযায়ী ব্যবস্থা হবে। এগুলো অনেক পরের বিষয়।’

সন্ত্রাসবিরোধী আইনের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এগুলো আইনের ব্যাখ্যা ও প্রয়োগের বিষয়। এখনই নির্দিষ্টভাবে কিছু বলা সম্ভব নয়।

ইউনিয়ন পরিষদের বিধিমালা সম্পর্কে ইসি সচিব জানান, এটি একটি বিস্তারিত (এক্সহস্টিভ) বিধি, যার ভিত্তিতে অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনও পরিচালিত হতে পারে। তিনি জানান, জামানতের পরিমাণ ধাপে ধাপে বাড়ানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে, যা একেক নির্বাচনে একেক হারে হতে পারে।

স্থানীয় সরকার নির্বাচন কবে হতে পারে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের তারিখের ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। এটি স্থানীয় সরকার বিভাগের ওপর নির্ভরশীল। ‘অক্টোবরের কথা যদি মন্ত্রী মহোদয় বলেন, তাহলে আমার কিছু বলার নেই। তবে এখনো আমাদের কাছে কোনো চিঠি আসেনি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়ের আগে  শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

ভারতের সুপ্রিম কোর্ট বিয়ের আগে শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App