স্বরাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা সংকট জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৫:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
রোহিঙ্গা সংকট বর্তমানে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বাংলাদেশ সবসময় শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ ও টেকসই অভিবাসনে বিশ্বাসী হলেও রোহিঙ্গা সংকট এখন একটি জটিল ও স্পর্শকাতর ইস্যুতে পরিণত হয়েছে।
শনিবার (২৩ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনাইকের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় রোহিঙ্গা সংকট সমাধান ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সহযোগিতা জোরদারের আহ্বান জানান মন্ত্রী।
বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, রোহিঙ্গা সংকট, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ, এসডিজি বাস্তবায়ন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুরু থেকেই জাতিসংঘ রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে রেখেছে, যা প্রশংসনীয়। তিনি বলেন, এই মানবিক ও নিরাপত্তা সংকট মোকাবিলায় বাংলাদেশের আরও ব্যাপক আন্তর্জাতিক সহযোগিতা ও বৈশ্বিক তহবিল প্রয়োজন।
তিনি জানান, বর্তমানে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চললেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। সেনাবাহিনীর পাশাপাশি পুলিশের সদস্যরাও নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনে জাতিসংঘের সহযোগিতার প্রশংসা করেন তিনি। একইসঙ্গে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে জাতিসংঘের ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান।
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনাইক বলেন, বাংলাদেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে জাতিসংঘ অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বিপুলসংখ্যক রোহিঙ্গার দীর্ঘমেয়াদি চাপ বাংলাদেশের একার পক্ষে বহন করা সম্ভব নয়। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন।
রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি বাংলাদেশের মানবিক সহায়তা ও উদারতারও প্রশংসা করেন তিনি।
বৈঠকে বাংলাদেশে জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের হেড অব অফিস লুইস বারবার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব রেবেকা খান, উপসচিব বেগম মিনারা নাজমীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
