টেকসই নগর উন্নয়নে জাতিসংঘের সহযোগিতা চায় বাংলাদেশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৭:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল নগর উন্নয়ন নিয়ে জাতিসংঘের আবাসন ও নগর উন্নয়নবিষয়ক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ বৈঠক করেছে বাংলাদেশ প্রতিনিধি দল।
আজারবাইজানের রাজধানী বাকুতে চলমান বিশ্ব নগর ফোরামের ত্রয়োদশ অধিবেশনে অংশ নেয় বাংলাদেশ প্রতিনিধি দল। গত ১৭ মে শুরু হওয়া এই অধিবেশন শেষ হবে আগামী ২২ মে শুক্রবার।
ফোরামের সাইডলাইনে বৃহস্পতিবার (২১ মে) এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের দ্রুত নগরায়ন, সাশ্রয়ী আবাসন, বস্তি উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, সাশ্রয়ী আবাসন নীতি ও নির্দেশিকা, বস্তি উন্নয়ন ও পুনর্বাসন, স্থানিক পরিকল্পনা আইন বাস্তবায়ন, জেন্ডার সংবেদনশীল গণপরিসর নকশা এবং অন্তর্ভুক্তিমূলক নগর পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাংলাদেশ প্রতিনিধি দলে নেতৃত্ব দেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসাম্মৎ ফেরদৌসী বেগম। প্রতিনিধি দলে আরও ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবদুল আওয়াল এবং রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ আশরাফুল ইসলাম।
জাতিসংঘের আবাসন ও নগর উন্নয়নবিষয়ক সংস্থার প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক আনা ক্লাউদিয়া রসবাখ, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক কার্যালয়ের পরিচালক কাজুকো ইশিগাকি, ব্যাংকক বহুদেশীয় কর্মসূচি কার্যালয়ের প্রধান শ্রীনিবাসা পপুরি এবং বাংলাদেশ কার্যালয়ের ইন-কান্ট্রি ফোকাল পয়েন্ট ফারিবা আলম।
বৈঠকে বাংলাদেশের নগর উন্নয়ন খাতে সরকারের চলমান বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। বিশেষ করে সাশ্রয়ী ও জলবায়ু সহনশীল আবাসন, কমিউনিটি অংশগ্রহণভিত্তিক উন্নয়ন, নারী ও প্রতিবন্ধীবান্ধব নগর অবকাঠামো, সবুজ ও পরিবেশবান্ধব নগরায়ন, বস্তি উন্নয়ন এবং নগর সেবার সম্প্রসারণকে অগ্রাধিকার হিসেবে তুলে ধরে বাংলাদেশ প্রতিনিধি দল।
এ ছাড়া আবাসন নীতি উন্নয়ন, কারিগরি সহায়তা, দক্ষতা বৃদ্ধি, গবেষণা, নগর পরিকল্পনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতা কামনা করে বাংলাদেশ।
বৈঠকে জাতিসংঘের আবাসন ও নগর উন্নয়নবিষয়ক সংস্থার কর্মকর্তারা বাংলাদেশের নগর উন্নয়ন ও জলবায়ু সহনশীল উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে টেকসই ও মানুষকেন্দ্রিক নগর উন্নয়নে কারিগরি সহযোগিতা, জ্ঞান বিনিময়, গবেষণা এবং পাইলট প্রকল্প বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তারা।
বৈঠক শেষে উভয় পক্ষ টেকসই নগর উন্নয়ন, সামাজিক অন্তর্ভুক্তি এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থা গড়ে তুলতে দীর্ঘমেয়াদি সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করে।
