বিদেশি রাইফেলসহ ৩ ইউপিডিএফ সদস্য আটক
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৭:০৭ পিএম
ছবি: সংগৃহীত
খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ মূলদলের এক কালেক্টরসহ তিন সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।
শনিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে সেনাবাহিনীর সিন্ধুকছড়ি জোনের অধীনস্থ জালিয়া পাড়া আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ রামগড় উপজেলার ২ নং পাতাছড়া ইউনিয়নের বুদংছড়া এলাকায় বিশেষ এ অভিযান পরিচালিত হয়। এসময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। অভিযানে একজন সশস্ত্র সদস্য গুলিবিদ্ধ হয়েছে বলে জানা যায়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাতাছড়া ইউনিয়নের বুদংছড়া এলাকায় ইউপিডিএফ কিছু অস্ত্রধারীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়লে সেনাবাহিনীও পাল্টা গুলি ছুড়ে। এসময় সুইথোয়াই মারমা (৩৫) নামে এক সদস্য গুলিবিদ্ধ হন। এক পর্যায়ে ইউপিডিএফ কালেক্টর রনেল চাকমা ওরফে মন্টু চাকমা, রাজু মারমা ওরফে সাচিং (১৮)সহ তিনজনকে আটক করা হয়। আটক রনেল চাকমা জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি এলাকার বাসিন্দা ও রাজু মারমা রামগড় উপজেলার যৌথ খামার এলাকার বাসিন্দা। আর গুলিবিদ্ধ সুইথোয়াই মারমার বাড়ি উপজেলার খেদাছড়া এলাকায়।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, অভিযানের সময় গোলাগুলিতে সুইথোয়াই মারমা ডান কাঁধে গুলিবিদ্ধ হন। পরে সেনা সদস্যরা তাকে দ্রুত রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে আহত ব্যক্তির অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
পুলিশ জানায়, অভিযান স্থল থেকে একটি একে-২২ রাইফেল, ৫ রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন, ৪ টি মোবাইল ও একটি ওয়াকি-টকি উদ্ধার করা হয়।
রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা রামগড়ের পাতাছড়া ইউনিয়নের বুদংছড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র সহ ৩ ইউপিডিএফ সদস্যকে আটক করেছে, এরমধ্য গুলিবিদ্ধ একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
