রাজধানীতে বসছে আরো ১১ হাজার সিসি ক্যামেরা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৮:২৪ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর জননিরাপত্তা নিশ্চিত করতে এবং কিশোর গ্যাং, সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধে নজরদারি জোরদার করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ লক্ষ্যে মহানগরীর বিভিন্ন স্থানে আরো ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোহাম্মদপুরসহ অপরাধপ্রবণ এলাকাগুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। শুধু মোহাম্মদপুরেই কিশোর গ্যাং ও ছিনতাই রোধে ৭০০টি সিসি ক্যামেরা বসানোর কাজ চলছে। পাশাপাশি এ এলাকায় পুলিশের জনবল বৃদ্ধি করা হয়েছে। বসিলায় একটি নতুন পুলিশ ফাঁড়ি চালু করা হয়েছে এবং আরো একটি ফাঁড়ি স্থাপনের পরিকল্পনা রয়েছে।
এছাড়া রাজধানীর ৫০টি থানায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি), সহকারী পুলিশ কমিশনার (এসি) ও পেট্রোল ইন্সপেক্টর মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, বর্তমানে রাজধানীতে ১ হাজার ৯১০টি সিসি ক্যামেরা সচল রয়েছে। এর মধ্যে ৭১০টি ডিএমপির নিজস্ব ব্যবস্থাপনায় এবং ১ হাজার ২০০টি বিভিন্ন এলাকার ল অ্যান্ড অর্ডার কো-অর্ডিনেশন কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে।
তিনি আরো জানান, নতুন প্রকল্পের আওতায় ১১ হাজার ক্যামেরা কেনার জন্য টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ কর্মকর্তারা বলছেন, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা উদ্ঘাটন সহজ হচ্ছে। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারির ফলে দ্রুত ঘটনাস্থলে রেসপন্স টিম পাঠানো সম্ভব হচ্ছে। বড় ধরনের জাতীয় অনুষ্ঠান ও উৎসবেও অস্থায়ী ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
ডিএমপি জানিয়েছে, অপরাধ দমনে ব্লক রেইড, নিয়মিত টহল ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি আরো জোরদার করা হয়েছে। বিশেষ করে কিশোর গ্যাংয়ের সহিংস অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। একই সঙ্গে সিসি ক্যামেরা প্রযুক্তি রাজধানীর যানজট ব্যবস্থাপনাতেও সহায়তা করছে বলে জানানো হয়।
