×

জাতীয়

ঢাকায় হকার কার্ড বিতরণ বন্ধে লিগ্যাল নোটিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ১০:০২ পিএম

ঢাকায় হকার কার্ড বিতরণ বন্ধে লিগ্যাল নোটিশ

ছবি: সংগৃহীত

ফুটপাত দখলমুক্ত করা এবং হকার কার্ড বিতরণ বন্ধের দাবিতে ঢাকার দুই সিটি কর্পোরেশনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। জনসাধারণের অবাধ চলাচল নিশ্চিত করতে এবং রাস্তা ও ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নাদিম মাহমুদ এ নোটিশ পাঠান।

স্থানীয় সরকার সচিব, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব, ঢাকার দুই সিটির প্রশাসকসহ সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন জনবহুল এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তা ও ফুটপাত অবৈধভাবে দখল হয়ে আসছে। জনসাধারণের চলাচলের জন্য নির্ধারিত স্থানগুলোতে হকার, অস্থায়ী দোকান, রেস্তোরাঁ ও মোবাইল মার্কেটসহ নানা বাণিজ্যিক স্থাপনা গড়ে ওঠায় পথচারীদের নিরাপদ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এর ফলে বাধ্য হয়ে পথচারীরা মূল সড়কে চলাচল করছেন, যা দুর্ঘটনা ও জনদুর্ভোগকে আরও বাড়িয়ে দিচ্ছে।

বাংলাদেশের সংশ্লিষ্ট আইনি কাঠামো অনুযায়ী, ফুটপাত ও রাস্তা জনসাধারণের জন্য সংরক্ষিত এবং সেখানে কোনো প্রকার দখল, স্থাপনা নির্মাণ বা বাণিজ্যিক ব্যবহার করা বেআইনি। এছাড়া সিটি কর্পোরেশনের আইনগত দায়িত্বের মধ্যে জনপথের অবৈধ দখল প্রতিরোধ ও অপসারণ অন্তর্ভুক্ত।

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, রাজধানীর ফুটপাত ও রাস্তার একাংশ চিহ্নিত করে কাঠামো নির্মাণ এবং তথাকথিত ‘হকার কার্ড’ বিতরণের উদ্যোগ জনসাধারণের মৌলিক চলাচলের অধিকারকে চরমভাবে ক্ষুণ্ন করছে। কোনো প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে ফুটপাতকে যদি কার্যত বাণিজ্যিক দখলের ‘লাইসেন্সে’ পরিণত করা হয়, তবে তা জনস্বার্থবিরোধী এবং সংবিধান ও বিদ্যমান আইনের পরিপন্থি হবে। এই প্রবণতা ঢাকার যানজট সমস্যাকে আরও জটিল ও গভীরতর করে তুলছে। ফুটপাতে হকার ও স্থায়ী-অস্থায়ী কাঠামোর আধিক্য রাস্তাকে সংকুচিত করে দিচ্ছে, যার ফলে পথচারীরা বাধ্য হয়ে রাস্তায় নামছেন এবং যানবাহনগুলো স্বাভাবিক গতিপথ হারাচ্ছে। এতে নিরাপদ গমনাগমন বিঘ্নিত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি কয়েকগুণ বাড়ছে। মূলত ফুটপাতে এই আইনগত বাণিজ্যিক আশ্রয়ের ব্যবস্থা ঢাকার যানজটকে একটি দীর্ঘমেয়াদি ও জনস্বার্থবিরোধী সংকটে পরিণত করবে, যা শহরের পরিবহন খাতের দক্ষতা ও রাষ্ট্রীয় সম্পদের অপচয় ঘটাচ্ছে।

নোটিশে বলা হয়েছে, নোটিশ প্রাপ্তির তারিখ থেকে ১৫ দিনের মধ্যে—

১. বিতরণ করা বা প্রস্তাবিত সব জনস্বার্থবিরোধী ও বেআইনিভাবে বরাদ্দ করা ‘হকার কার্ড’ বাতিল করবেন।

২. ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন সব রাস্তা, ফুটপাত ও পথচারী চলাচলের স্থান থেকে হকার, দোকান, টেবিল-চেয়ার, অস্থায়ী কাঠামো, পণ্যসামগ্রী ও অন্যান্য অবৈধ দখল সম্পূর্ণরূপে অপসারণ করবেন বা অপসারণ করার উদ্যোগ নেবেন।

৩. অবৈধ দখলকারী ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সহযোগীদের তালিকা প্রস্তুত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন।

৪. ভবিষ্যতে পুনরায় দখল রোধে পৃথক মনিটরিং সেল বা টাস্কফোর্স গঠন করে নিয়মিত তদারকি নিশ্চিত করবেন।

৫. বিকল্প হকার জোন নির্ধারণের প্রয়োজন হলে তা অবশ্যই ফুটপাত ও জনসাধারণের চলাচলের পথের বাইরে, আইনসম্মত ও সুপরিকল্পিত স্থানে করবেন।

৬. গৃহীত পদক্ষেপসমূহের একটি সংক্ষিপ্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করতে হবে, যাতে নাগরিকগণ বাস্তব অগ্রগতি সম্পর্কে জানতে পারেন।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যবস্থা নেওয়া না হলে, সংবিধানের অনুচ্ছেদ ১০২ অনুসারে হাইকোর্ট বিভাগে রিট দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বন্দর নগরীর পুলিশ সুপারের দায়িত্ব নিলেন মাসুদ আলম

বন্দর নগরীর পুলিশ সুপারের দায়িত্ব নিলেন মাসুদ আলম

দুই হাজার কোটি টাকার এলএনজি আমদানির সিদ্ধান্ত

দুই হাজার কোটি টাকার এলএনজি আমদানির সিদ্ধান্ত

বিদেশী কোম্পানীর জন্য বঙ্গোপসাগরে জ্বালানি অনুসন্ধান চুক্তির খসড়া অনুমোদন

বিদেশী কোম্পানীর জন্য বঙ্গোপসাগরে জ্বালানি অনুসন্ধান চুক্তির খসড়া অনুমোদন

ইরান যুদ্ধের প্রভাবে ইউরোপে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে শঙ্কা

ইরান যুদ্ধের প্রভাবে ইউরোপে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App