ধেয়ে আসছে ‘ঝুমুল’
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পিএম
ছবি : সংগৃহীত
বেসরকারি আবহাওয়া গবেষণা ও পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, দেশের দিকে ধেয়ে আসছে একটি শক্তিশালী প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টি বলয় ‘ঝুমুল’। এটি মূলত আবহাওয়াবিষয়ক একটি শব্দ যা তীব্র বর্ষণ ও ঝড়ো হাওয়ার সংকেত দেয়। শুক্রবার (২৪ এপ্রিল) সংস্থাটির এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
সংস্থার মতে, এই বৃষ্টি বলয়ের প্রভাবে দেশের প্রায় সব এলাকাতেই কমবেশি বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। মোটামুটি ৭০ থেকে ৯০ শতাংশ এলাকায় ঝড়বৃষ্টির প্রভাব পড়তে পারে। এটি চলতি বছরের পঞ্চম বৃষ্টি বলয়।
পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগে এ বলয় সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। এছাড়া ময়মনসিংহ, রংপুর, ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাংশে বৃষ্টিপাত তুলনামূলক বেশি হতে পারে। বরিশাল ও খুলনা বিভাগের অনেক এলাকায় মাঝারি ধরনের এবং রাজশাহী বিভাগের কিছু এলাকায় তুলনামূলক কম সক্রিয়তা থাকতে পারে।
২৬ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ধাপে ধাপে এই বৃষ্টি বলয় দেশের বিভিন্ন অঞ্চলে প্রভাব ফেলবে। এর আগে ২৫ এপ্রিলও দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে কালবৈশাখীসহ বজ্রবৃষ্টি হতে পারে। ২৮ এপ্রিল থেকে ২ মে এবং ৪ ও ৬ মে সময়কালে বৃষ্টি বলয় সবচেয়ে বেশি সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে।
এই সময় সিলেট ও ময়মনসিংহ বিভাগের নিচু ও বন্যাপ্রবণ এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। পাশাপাশি সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার কিছু নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে।
এছাড়া উজানে ভারতের আসাম ও মেঘালয় অঞ্চলে ভারি বৃষ্টির কারণে পাহাড়ি ঢল নামতে পারে, যার প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নদ-নদী ও হাওরাঞ্চলে পানি দ্রুত বাড়ার আশঙ্কা রয়েছে।
বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার কিছু এলাকায় টানা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
