ডিএসসিসি প্রশাসক
ফুটপাত ব্যবসায় কর্তৃপক্ষের লাইসেন্স নিতে হবে
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটিতে ফুটপাতে ব্যবসা করতে হলে কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স নিতে হবে। লাইসেন্স দেওয়ার জন্য কাজ চলছে। এজন্য ব্যবসায়ীদের ছবি সংগ্রহ, তাদের নাম এবং যাচাই বাছাই চলছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।
বুধবার (১৫ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত উচ্ছেদকরণ ও সৌন্দর্য বর্ধনের কাজের উদ্বোধনকালে এসব কথা জানান তিনি।
তিনি বলেন, ঢাকা সিটি কর্পোরেশনের যে কোনো ব্যবসা যদি আপনি করেন অনুমতি লাগবে। এই বিষয়ে আপনাদের সহযোগিতা চাই। সবাইকে এই ব্যাপারে সচেতনতা গড়ে তুলতে হবে। একটা ভ্যান্ডরকে আইনের মাধ্যমেই সবকিছু করতে হবে। একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে। এজন্য তাদেরকে আমরা লাইসেন্স দেব। ব্যবসায়ীদের গলায় ফটো আইডি রাখতে হবে। ব্যবসায়ী যেখানে তার মালামাল রাখবে, সেখানে লাইসেন্সের নাম্বার থাকতে হবে।
তিনি আরো বলেন, এজন্য আমরা সময় নিচ্ছি। একমাস সময় নেব। এক সপ্তাহের মধ্যে এগুলো জরিপ করছে। কারা ঢাকা শহরে ব্যবসা করতে পারবে, কারা করবে না, আমরা তাদেরকে চিহ্নিত করতে চাই এবং এই ব্যাপারে আমরা একটা শৃঙ্খলা আনতে চাই।
তিনি উচ্ছেদ হওয়া হকারদের উদ্দেশ্যে বলেন, আপনাদের মাধ্যমে তাদেরকে বলবো একটু ধৈর্য ধরার জন্য। যারা ঢাকায় ফুটপাতে ব্যবসা করতে চায়, তারা যেনো রেজিস্ট্রেশন করতে পুলিশের কাছে যায়। কাজেই ফুটপাত ব্যবসায় শৃঙ্খলা আনার জন্য আপনারা সহযোগিতা করেন। কেউ যেন এইভাবে না বসে পড়ে, বসে পড়লে পুলিশ উঠিয়ে মালামাল নিয়ে যাবে। ফলে তখন তাদেরই ক্ষতি হবে। কাজেই আমরা সেটা চাই না।
