নাট্যসংগঠন 'পালাকার' এর ২ যুগপূর্তীতে 'পালা-মেলা'
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশের মঞ্চনাটকের জগতে অন্যতম সৃজনশীল ও নিরীক্ষাধর্মী নাম ‘পালাকার’। "শিকড়ের সন্ধানে অবিরাম যাত্রা" এই স্লোগানকে ধারণ করে ২০০২ সালের এই সময়ে যাত্রা শুরু করেছিল সংগঠনটি। দেখতে দেখতে নাট্যচর্চার দুই যুগ অর্থাৎ ২৪ বছর পূর্ণ করতে যাচ্ছে এই নাট্যদলটি। দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের মঞ্চনাটককে সমৃদ্ধ করতে পালাকার রেখেছে অনন্য ভূমিকা।
মাহেন্দ্রক্ষণকে সামনে রেখে আগামী (১৩ ও ১৪ এপ্রিল) রাজধানীর মগবাজারের পালাকার প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা ‘দুই যুগের গল্পকথা’।
সোমবার (১৩ এপ্রিল) সংগঠনের পক্ষ থেকে এক বার্তায় এ কথা বলা হয়।
বার্তায় বলা হয়েছে, নাট্যচর্চায় ২৪ বছর পূর্ণ করছে নাট্যসংগঠন ‘পালাকার’। এ উপলক্ষে আগামী ১৩ ও ১৪ এপ্রিল মগবাজারের ‘পালাকার প্রাঙ্গণ’-এ অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী বিশেষ উৎসব ‘পালা-মেলা: দুই যুগের গল্পকথা’।
মেলার প্রথম দিন, ১৩ এপ্রিল (সোমবার) চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় বসবে এক বর্ণাঢ্য আসর। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এই আয়োজনে থাকবে পালাকারের দীর্ঘ পথচলার উল্লেখযোগ্য নাট্যাংশগুলোর বিশেষ উপস্থাপনা। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে দলের বিভিন্ন প্রশিক্ষণ ও গবেষণা প্রক্রিয়ার অংশ হিসেবে 'ক্লাস-অ্যাক্ট', 'ল্যাব-অ্যাক্ট', 'ব্র্যান্ড-অ্যাক্ট' এবং 'ফ্রি-অ্যাক্ট'-এর ক্ষুদ্র নাট্য উপস্থাপন।
পালাকারের নতুন এই নাট্য আঙ্গিনাটিকে দর্শকদের সামনে ভিন্নভাবে তুলে ধরতে পুরো প্রাঙ্গণ জুড়ে আয়োজন করা হচ্ছে মেলা। যেখানে থাকবে ঐতিহ্যবাহী খাবার স্টল। দর্শকরা মুক্তভাবে ঘুরে বেড়ানো, আড্ডা দেওয়া এবং ছবি তোলার পাশাপাশি উপভোগ করতে পারবেন ছোট ছোট বিরতিতে পরিবেশিত অভিনয়ের ঝলক।
উল্লেখ্য যে, দুই দিনের এই আয়োজনের দ্বিতীয় দিন অর্থাৎ ১৪ এপ্রিল (১ বৈশাখ) দিনটি নির্ধারিত থাকবে দলের বর্তমান ও প্রাক্তন সদস্য, সুহৃদ এবং তাদের পরিবারের জন্য। এদিন পুনর্মিলনী আড্ডার পাশাপাশি দলের অভ্যন্তরীণ বার্ষিক সম্মেলন ও নববর্ষ বরণের আয়োজন করা হবে।
পালাকারের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো দীর্ঘ দুই দশকের নাট্য-অভিযাত্রার গল্পগুলো সকলের সাথে ভাগ করে নেওয়া এবং শিল্প-সংস্কৃতির মানুষদের সাথে সম্পর্কের মেলবন্ধন আরও সুদৃঢ় করা।
চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় নাট্যব্যক্তিত্ব, সংস্কৃতিকর্মী এবং সকল নাট্যপ্রেমীকে এই 'পালা-মেলা'য় উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।
অনুষ্ঠানের সময়সূচি:
তারিখ: ১৩ এপ্রিল (সোমবার) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা
স্থান: পালাকার প্রাঙ্গণ, বিশাল সেন্টার (৩য় তলা), মগবাজার, ঢাকা।
