×

জাতীয়

কুষ্টিয়ার ঘটনায় পেন বাংলাদেশের উদ্বেগ ও নিন্দা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পিএম

কুষ্টিয়ার ঘটনায় পেন বাংলাদেশের উদ্বেগ ও নিন্দা

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় শামীম রেজা জাহাঙ্গীর নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে পেন বাংলাদেশ। শনিবার (১১ এপ্রিল) সংঘটিত এই ঘটনাকে কেন্দ্র করে সংগঠনটি স্পষ্ট জানিয়েছে যে, একটি গণতান্ত্রিক সমাজে ‘মব ভায়োলেন্স’ বা গণপিটুনির মতো বিচারবহির্ভূত সহিংসতার কোনও স্থান হতে পারে না।

সোমবার (১৩ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এসব তথ্য জানায়। 

প্রাথমিক তথ্যের বরাতে পেন বাংলাদেশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননার কথিত অভিযোগ ছড়িয়ে পড়ার পর একদল লোক শামীম রেজাকে আক্রমণ করে। অনলাইনে ছড়িয়ে পড়া তথ্যের সত্যতা যাচাই ছাড়াই এই ধরনের সহিংসতা আইনের শাসনের পরিপন্থি। সংগঠনটি মনে করে, অপপ্রচার এবং জনতাকে উত্তেজিত করে তোলার মাধ্যমে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পেন বাংলাদেশের অবস্থান যে-কোনও ধরনের বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে। ধর্ম অবমাননা বা অন্য কোনও বিষয়ে অভিযোগ থাকলে তা দেশের প্রচলিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে হবে। যে-কোনও নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার ও নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত নিজেকে নির্দোষ ভাবার অধিকার বাংলাদেশের সংবিধান এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের অবিচ্ছেদ্য অংশ। 

সংগঠনটি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে যে, যাচাইহীন ডিজিটাল মাধ্যমে ধর্মীয় উসকানি দ্রুত ছড়িয়ে পড়ে অপূরণীয় ক্ষতি ডেকে আনছে। এটি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক সতর্কতা ও নাগরিক দায়িত্বশীলতা বাড়ানো প্রয়োজন বলে মনে করে সংগঠনটি। 

পেন বাংলাদেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে। একই সঙ্গে তারা সরকারকে কিছু সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছে— অনলাইনে উসকানি থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা; গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইহীন এবং উসকানিমূলক কনটেন্ট প্রচার বন্ধে সুরক্ষা ব্যবস্থা জোরদার করা; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সুশীল সমাজের মধ্যে সমন্বয়ের মাধ্যমে সহনশীলতা ও আইনের প্রতি শ্রদ্ধা বৃদ্ধি করা। 

বিজ্ঞপ্তিতে পেন বাংলাদেশ নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে এবং এ ধরনের সহিংসতার শিকার হওয়া সবার সঙ্গে সংহতি প্রকাশ করেছে। সংগঠনটি দেশে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা, আইনের শাসন বজায় রাখা এবং এমন একটি সংস্কৃতি গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে— যেখানে যেকোনও দ্বিমত বা বিরোধ সহিংসতার মাধ্যমে নয়, বরং গঠনমূলক সংলাপের মাধ্যমে সমাধান করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক’

‘পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক’

পদত্যাগের পর মানবাধিকার কমিশন সদস্যদের খোলা চিঠি

পদত্যাগের পর মানবাধিকার কমিশন সদস্যদের খোলা চিঠি

তারুণ্যের উচ্ছ্বাসে নববর্ষ বরণ, শেষ মুহূর্তে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি

তারুণ্যের উচ্ছ্বাসে নববর্ষ বরণ, শেষ মুহূর্তে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি

পহেলা বৈশাখ ও আমাদের আত্মপরিচয়ের লড়াই

পহেলা বৈশাখ ও আমাদের আত্মপরিচয়ের লড়াই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App