চিফ হুইপ
জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৩:১২ পিএম
ছবি: সংগৃহীত
জুলাই সনদকে ঘিরে কোনো ধরনের অপরাজনীতি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি জানিয়েছেন, এই সনদের প্রতি সমর্থন রয়েছে বিএনপির এবং এর প্রতিটি ধারা বাস্তবায়নে দলটি প্রতিশ্রুতিবদ্ধ।
শুক্রবার (০৩ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক দল।
চিফ হুইপ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করেছেন এবং দল সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। তিনি আরো দাবি করেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে বিএনপি এই সনদ বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে।
বিরোধী দলগুলোর সমালোচনা করে মনি বলেন, তারা বারবার নিজেদের অবস্থান পরিবর্তন করছে। কখনো স্থানীয় সরকার নির্বাচন, কখনো সংস্কার, আবার কখনো সংবিধান সংশোধনের দাবি তুলছে। তার মতে, এসব অবস্থান পরিবর্তন মূলত রাজনৈতিক পরাজয়ের প্রতিক্রিয়া।
চিফ হুইপ বলেন, নির্বাচনের আগে বিরোধীরা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক (পিআর) পদ্ধতির দাবি তুলেছিল। কিন্তু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা প্রতিবেশী ভারতসহ বড় গণতান্ত্রিক দেশগুলোতেও এই ব্যবস্থা নেই উল্লেখ করে তিনি বলেন, অযৌক্তিক দাবি দেখিয়ে নির্বাচন বন্ধ রাখার সুযোগ দেওয়া হয়নি।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি জানান, বিএনপি এর বিরোধিতা করেনি; বরং কিছু মতামত দিয়েছে, যা সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে। নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এটি বাস্তবায়ন করা হবে এবং এ বিষয়ে সংসদে বিস্তারিত আলোচনা হবে।
দলের নেতৃত্বের প্রশংসা করে নূরুল ইসলাম মনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে সুশাসনের একটি দৃষ্টান্ত তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।
