ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে ইলেকট্রিক বাস আমদানির সিদ্ধান্ত
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১০:৪০ এএম
ফাইল ছবি
সারাদেশে অসহনীয় যানজট নিরসন এবং স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াতে ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতে শুল্কমুক্ত সুবিধায় ইলেকট্রিক বাস আমদানির বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মধ্যরাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের ব্রিফিংকালে জানান যে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট এবং জ্বালানি সংকট মোকাবিলায় এই পদক্ষেপটি দীর্ঘমেয়াদী সুফল বয়ে আনবে।
সচিব জানান, শিক্ষা মন্ত্রণালয় এই উদ্যোগ বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পৃথক নির্দেশনা দেবে। যা আগামী রোববার (৫ এপ্রিল) থেকে কার্যকর হতে পারে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এই প্রক্রিয়ায় যুক্ত হবে, তারা বিশেষ সুবিধা পাবে। এছাড়া বাণিজ্যিক ব্যবহারের জন্যও নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। তবে কোনও পুরনো বাস আমদানি করা যাবে না।
মন্ত্রীপরিষদ সচিব বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশের প্রায় ৮০ শতাংশ তেল আমদানি-নির্ভর হওয়ায় বৈশ্বিক বাজারের প্রভাব সরাসরি পড়ছে। এই প্রেক্ষাপটে সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং কাজাখিস্তান থেকে জ্বালানি আমদানির সম্ভাবনা তৈরি হয়েছে।
এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারি ও বেসরকারি সব অফিসের সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ব্যাংকিং কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
সব ধরনের মার্কেট ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে খাদ্য ও ওষুধের মতো জরুরি সেবা এ সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে।
