সংরক্ষিত নারী আসনের ভোট নিয়ে ৬ এপ্রিল ‘কমিশন সভা’
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৭:১৮ পিএম
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে আগামী ৬ এপ্রিল ‘কমিশন সভায়’ বসছে নির্বাচন কমিশন (ইসি)। ১১-তম ওই কমিশন সভার আলোচ্যসূচিতে আরও পাঁচটি বিষয় রাখা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
সভার আলোচ্যসূচি:
(ক) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন এবং প্রাসংগিক বিষয়াদি;
(খ) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত নির্বাচনি সামগ্রি সংরক্ষণ বিষয়ে রিটানিং অফিসারগণকে নির্দেশনা প্রদানের বিষয়ে অবহিতকরণ;
(গ) আগামী ৯ এপ্রিলে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদের দুটি আসনের নির্বাচনের বিষয়ে অবহিতকরণ;
(ঘ) নির্বাচন সংশ্লিষ্ট নির্বাচন পূর্ববর্তী কতিপয় গুরুত্বপূর্ণ মামলা এবং নির্বাচন পরবর্তী সময়ে দায়েরকৃত নির্বাচনী দরখাস্ত বিষয়ে কমিশনকে অবহিতকরণ;
(ঙ) নির্বাচনি দায়িত্ব পালনকালে আহত ও নিহতদের ক্ষতিপুরণ বিষয়ে ইতোপূর্বে প্রণীত নীতিমালা বিষয়ে কমিশনকে অবহিতকরণ; এবং
(চ) বিবিধ।
ইসি কর্মকর্তারা বলছেন, ৬ এপ্রিল নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে। এক্ষেত্রে এদিন আলোচনা হতে পারে ভোটের তফসিল নিয়ে।
আইনানুযায়ী, সংসদের সাধারণ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৯০ দিনের মধ্যে নারী আসনের নির্বাচন করতে হয়। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ হয় ১৩ ফেব্রুয়ারি।
