দুই দশক আগের হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৮:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের বন্দর থানায় ২০ বছর আগে পুলিশের সোর্স (তথ্যদাতা) নূর আলম প্রকাশ বাবলুকে অপহরণ করে হত্যা মামলায় ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে চট্টগ্রাম মহানগর ষষ্ঠ অতিরিক্ত দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—রেজাউল করিম, জয়নাল আবেদীন, আবদুল্লাহ, মো. সেলিম, আবুল কাশেম, সালাউদ্দিন, মো. সোলায়মান, রেজাউল করিম রেজা ও হারুন অর রশিদ।
আদালতের অফিস সহকারী মারুফ হোসেন জানান, সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া অপর একটি ধারায় প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। উভয় ধারার দণ্ড একসঙ্গে কার্যকর হবে।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৫ সালের ১৫ সেপ্টেম্বর নগরের বন্দর থানার হালিশহর ছোটপুল এলাকার সমবায় সিঙ্গাপুর মার্কেটের পাশের রাস্তা থেকে নূর আলম প্রকাশ বাবলুকে অপহরণ করা হয়। পরদিন পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের মা আয়শা আক্তার লাকী বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০০৬ সালের ২৫ সেপ্টেম্বর ১৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
পরবর্তীতে ২০০৮ সালের ৫ ফেব্রুয়ারি আদালত ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলায় ১০ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।
