আজকের স্বর্ণের দাম কত?
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১২:৫২ পিএম
ছবি: সংগৃহীত
দেশের বাজারে বড় ব্যবধানে কমেছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আজ সোমবার (১৬ মার্চ) থেকে সারা দেশে নতুন এই কার্যকর মূল্যে মূল্যবান ধাতু দুটি বিক্রি হচ্ছে।
গত শনিবার (১৪ মার্চ) বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে বিশুদ্ধ স্বর্ণের (তেজাবি স্বর্ণ) দাম কমে যাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ভরিতে স্বর্ণের দাম কমানো হয়েছে ২,৬৮৩ টাকা।
ক্যারেট অনুযায়ী আজকের দর তালিকা নিচে দেওয়া হলো:
২২ ক্যারেট: প্রতি ভরি ২,৬২,২৬৫ টাকা।
২১ ক্যারেট: প্রতি ভরি ২,৫০,৩৬৮ টাকা।
১৮ ক্যারেট: প্রতি ভরি ২,১৪,৬১৮ টাকা।
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৭৪,৭৮৫ টাকা।
এর আগে গত ১৩ মার্চ স্বর্ণের দাম একবার কমানো হয়েছিল, যেখানে ২২ ক্যারেটের দাম ছিল ২,৬৪,৯৪৮ টাকা। মাত্র কয়েকদিনের ব্যবধানে এটি দ্বিতীয়বারের মতো বড় সমন্বয়।
এদিকে, দীর্ঘদিন পর স্বর্ণের পাশাপাশি রুপার দামও বড় ব্যবধানে কমিয়েছে বাজুস। ভরিতে ২৯২ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে:
২২ ক্যারেট রুপা: ৬,০৬৫ টাকা (ভরি)।
২১ ক্যারেট রুপা: ৫,৭৭৪ টাকা (ভরি)।
১৮ ক্যারেট রুপা: ৪,৯৫৭ টাকা (ভরি)।
সনাতন পদ্ধতি: ৩,৭৩২ টাকা (ভরি)।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের এই আড়াই মাসেই স্বর্ণের দাম মোট ৪৩ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বেড়েছে এবং ১৭ বার কমেছে। অন্যদিকে, রুপার দাম এ বছর এ পর্যন্ত ২৭ বার সমন্বয় করা হয়েছে। উল্লেখ্য যে, গত ২০২৫ সালে স্বর্ণের দাম মোট ৯৩ বার এবং রুপার দাম ১৩ বার সমন্বয় করেছিল বাজুস।
স্বর্ণ আমদানিতে স্বচ্ছতা আনা এবং স্থানীয় বাজারের অস্থিরতা কমাতে নিয়মিত বিরতিতে এই মূল্য নির্ধারণ করা হচ্ছে বলে জানিয়েছে বাজুস সংশ্লিষ্টরা।
