পুলিশের নতুন পোশাক নিয়ে অসন্তোষ, শতকোটি টাকা অপচয়
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১১:১১ এএম
ছবি : সংগৃহীত
শতকোটি টাকার বেশি ব্যয়ে নতুন পোশাক চালু করার পর এখন আবার আগের ইউনিফর্মে ফিরতে চাইছে বাংলাদেশ পুলিশ। অনেক সদস্যের অভিযোগ, নতুন পোশাক দেশের আবহাওয়ার উপযোগী নয় এবং কাপড়ের মানও সন্তোষজনক নয়।
চব্বিশের গণঅভ্যুত্থানে পুলিশ ব্যাপক সমালোচনার মুখে পড়ে। আন্দোলন দমনে পুলিশ বাহিনীর অনেক সদস্য নির্মমভাবে ছাত্র-জনতার ওপর চড়াও হয়। এরপর পুলিশের কাঠামোগত সংস্কারের দাবিতে জনমত জোরালো হয়। সেই প্রেক্ষাপটে পুলিশের পোশাকে পরিবর্তন আনে অন্তর্বর্তী সরকার।
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান বলেন, নতুন পোশাক মাঠপর্যায়ে উপযোগী নয়। পোশাকটি অনেকটা বেসরকারি সিকিউরিটি গার্ডের পোশাকের মতো। এ কারণে পুলিশের জীবনের নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে বলে দাবি তার।
আরো পড়ুন : আন্তর্জাতিক নারী দিবস, সংগ্রাম থেকে সমতার পথে নবপ্রত্যয়
প্রায় দুই লাখ পুলিশ সদস্যের অংশগ্রহণে সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ৯৬ শতাংশ সদস্য নতুন পোশাকে অসন্তুষ্ট। তাদের মতে, এটি দেশের আবহাওয়ার সঙ্গে মানানসই নয় এবং কাপড়ের মান উন্নত হলে গরমের সময় কিছুটা স্বস্তি পাওয়া যেত।
তবে সাধারণ মানুষের একটি অংশ মনে করেন, পোশাকের পরিবর্তনের চেয়ে পুলিশের মানসিকতার উন্নয়ন বেশি জরুরি। তাদের মতে, নতুন ইউনিফর্ম শুধু সাময়িক উদ্যোগ, বাস্তবিক কোনো গুণগত পরিবর্তন আনেনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষক তৌহিদুল হক বলেন, পোশাক পরিবর্তনে বিপুল অর্থ ব্যয় না করে পুলিশের লজিস্টিক সহায়তা বাড়ানো যেত। আবার পুরোনো ইউনিফর্মে ফিরে গেলে রাষ্ট্রের শতকোটি টাকা অপচয় হবে। বর্তমান পরিস্থিতিতে এত বড় ব্যয় বহনের সক্ষমতা রাষ্ট্রের নেই।
পুলিশের পাশাপাশি র্যাব ও আনসার সদস্যদের পোশাক পরিবর্তনের কথাও উঠেছিল, তবে তা বাস্তবায়িত হয়নি। র্যাব সদস্যরা এখনও আগের কালো পোশাকেই দায়িত্ব পালন করছেন।
