মধ্যপ্রাচ্য সংকট: ৬ দিনে ঢাকার ২১০ ফ্লাইট বাতিল
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০১:৩৬ পিএম
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ রাখা হয়েছে। এর প্রভাবে গত কয়েক দিনে একের পর এক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হচ্ছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরো ৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলিয়ে গত ছয় দিনে মোট ২১০টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইরান–ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে ওঠায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার আন্তর্জাতিক বিমান চলাচলে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ জানান, আকাশপথ বন্ধ থাকার কারণে বিভিন্ন এয়ারলাইন্সকে একের পর এক ফ্লাইট বাতিল করতে হচ্ছে।
আরো পড়ুন : মধ্যপ্রাচ্য সংঘাত: চট্টগ্রামে আরো ৪ ফ্লাইট বাতিল
তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৫ মার্চ) বাতিল হয়েছে ৩৪টি ফ্লাইট। এর আগে ৪ মার্চ বাতিল হয় ২৮টি ফ্লাইট, ৩ মার্চ ৩৯টি, ২ মার্চ ৪৬টি, ১ মার্চ ৪০টি এবং ২৮ ফেব্রুয়ারি ২৩টি। সব মিলিয়ে ছয় দিনে বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ২১০টিতে।
বৃহস্পতিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ১০টি, এমিরেটসের ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি, গালফ এয়ারের ২টি এবং ফ্লাইট দুবাইয়ের ৪টি ফ্লাইট।
এদিকে চলমান পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েতগামী সব ফ্লাইট ৫ মার্চ পর্যন্ত বাতিল ঘোষণা করেছে।
