ইরান-ইসরায়েল যুদ্ধ
ঢাকা থেকে এখন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১২:৪৬ পিএম
ফাইল ছবি
ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ এখনো চলমান। ২৮ ফেব্রুয়ারি (শনিবার) ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত চার দিনে ইরানে নিহত হয়েছেন ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে ১৮১ জন শিশু, যাদের বয়স ১০ বছরের কম। এছাড়া বেসামরিক আহতের সংখ্যা ৫,৪০২ জনে পৌঁছেছে, যার মধ্যে ১০০ জন শিশুও রয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত ঢাকা থেকে মোট ১৭৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বুধবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়। এছাড়া আজ কাতার ৪টি, কুয়েত ২টি, জাজিরা (কুয়েত) ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ৮টি, এমিরেটস ৫টি ও ইউএস-বাংলা ৪টি ফ্লাইট বাতিল করে।
