প্রধানমন্ত্রী
রাজধানীতে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৩:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকায় ভূমিকম্পের পরবর্তী পরিস্থিতি সামাল দিতে ১ লাখ দক্ষ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
সাক্ষাৎকারকালে প্রধানমন্ত্রী দুর্যোগ ঝুঁকি হ্রাসে আগাম প্রস্তুতির প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি ভূমিকম্প পরবর্তী উদ্ধার তৎপরতা ও প্রাথমিক আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য নগরের সকল খেলার মাঠ ও শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করার নির্দেশনা প্রদান করেন। এছাড়াও, জনসাধারণের মধ্যে দুর্যোগ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে জোরালো আহ্বান জানান।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জানান, ‘ভূমিকম্প মোকাবিলায় একটি খসড়া পরিকল্পনা ইতোমধ্যে তৈরি করা হচ্ছে। এই সামগ্রিক কর্মপরিকল্পনা নিয়ে আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই দুর্যোগ পরবর্তী উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রমের চূড়ান্ত রূপরেখা নির্ধারিত হতে পারে।’
