×

জাতীয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

তাজুলের বিরুদ্ধে ‘রাজসাক্ষী ও সেটলিং’ বাণিজ্যের গুরুতর অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৬ এএম

তাজুলের বিরুদ্ধে ‘রাজসাক্ষী ও সেটলিং’ বাণিজ্যের গুরুতর অভিযোগ

ছবি: সংগৃহীত

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারের জন্য পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য বিদায়ী  চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে গুরুতর আর্থিক অপকর্মের অভিযোগ তুলেছেন তাজুলের নেতৃত্বাধীন প্রসিকিউশন টিমের অন্যতম সদস্য অ্যাডভোকেট বিএম সুলতান মাহমুদ।

কোনো রাখঢাক না করে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোস্টে দীর্ঘ মন্তব্যের মাধ্যমে সরাসরি তাজুলের বিরুদ্ধে ট্রাইবুন্যালের একাধিক মামলাকে ঘিরে ‘রাজসাক্ষী বাণিজ্য’ ও ‘সেটলিং’ সিন্ডিকেশনের  মতো গুরুতর অপরাধে জড়িত থাকার বেশকিছু আলামতও তুলে ধরেছেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর থেকে তাজুল ইসলামকে অপসারণের কয়েক ঘন্টার মধ্যে তারই একজন সহকর্মীর কাছ থেকে এমন দুটো মামলায় অনৈতকভাবে সুবিধা দেয়ার জন্য আর্থিক লেনদেনের গুরুতর অভিযোগ এলো, যার একটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন আদালত, আর আশুলিয়ায় লাশ পোড়ানোর অপর আরেকটি মামলায় ৬ আসামিকে মৃত্যুদণ্ড ও ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন আদালত। 

এই দুটো মামলার ক্ষেত্রেই আসামীদের মধ্য থেকে একজন রাজসাক্ষী হিসেবে জবানবন্দী দিয়েছিলেন, আর সেই দুজনের কাছ থেকেই রাজসাক্ষী হওয়ার সুযোগ করে দেয়ার বিনিময়ে তাজুল ইসলাম মোটা অংকের টাকা নিয়েছিলেন বলে অভিযোগ করেছেন অ্যাডভোকেট সুলতান মাহমুদ।

ঘটনাক্রম অনুসারে জানা যায় যে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিদেশে অবস্থানরত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী মোস্তাফিজুর রহমান আহাদ ফেসবুকে নিজের একাউন্ট থেকে সাবেক “আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে রাজসাক্ষী বানানো নিয়ে ‘ট্রাইব্যুনালে ‘সেটলিং’ বাণিজ্য ও রাজসাক্ষী নাটক: কেন সরতে হচ্ছে তাজুল ইসলামকে?” -এই শিরোনামে  একটি পোস্ট করেন। সেই পোস্টে “প্রসিকিউশন টিমের একটি প্রভাবশালী অংশ গোপন সমঝোতা বা ‘সেটলিং’ বাণিজ্যে লিপ্ত হয়েছে” বলে অভিযোগ তোলেন সেই আইনজীবী।

ফেসবুকের সেই পোস্টেই কমেন্ট অংশে আইনজীবী কাজী মোস্তাফিজুর রহমান আহাদদের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে মন্তব্য করার পাশাপাশি এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সদস্য অ্যাডভোকেট বিএম সুলতান মাহমুদ।  

তাজুল ইসলাম ছাড়াও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য সুপ্রিম কোর্টের প্রভাবশালী আইনজীবী শিশির মনিরসহ কয়েকজন ব্যক্তির সমন্ময়ে সৃষ্ট একটি সিন্ডিকেট এই গুরুতর অনৈতিক কাজে জড়িত বলেও অভিযোগে বলেছেন প্রসিকিউটর সুলতান মাহমুদ।

ফেসবুকের ওই পোস্টের কমেন্টে বিএম সুলতান মাহমুদ বলেন, ‘আমি দীর্ঘদিন প্রসিকিউশন টিমে কাজ করছি। সেই কাজের সুবাদেই বলছি, শুধু আইজিপি মামুন নয়, আশুলিয়ার লাশ পোড়ানো মামলায় টাকার বিনিময়ে আফজালকেও রাজসাক্ষী করে দায়মুক্তি দেয়া হয়েছে। ‌তিন-চার জনের একটি সিন্ডিকেট শুরু থেকেই এই চক্রে জড়িত। ধানমন্ডি তদন্ত সংস্থায় বসে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির সিন্ডিকেট সাবেক আইজি মামুনকে রাজসাক্ষীর নাটক বানায়। সাবেক আইজিপি মামুনকে জিজ্ঞাসাবাদ করার জন্য ধানমন্ডি তদন্ত সংস্থায় আনলে সেখানে শিশির মনির উপস্থিত থাকতো। তারা দাগি খুনি পুলিশ কর্মকর্তাদের গ্রেফতার না করে পালানোর সুযোগ করে দিয়েছে নিরাপদে। চিফ প্রসিকিউটরের চেয়ারকে টাকা কামানোর হাতিয়ার হিসেবে তৈরি করে রেখেছে এই তাজুল সিন্ডিকেট।’

সুলতান মাহমুদ আরও বলেন, ‘গত বছর নভেম্বরের শেষ দিকে আশুলিয়ার লাশ পোড়ানো মামলার আসামি আফজালের বউ সন্ধ্যার দিকে ভারী ব্যাগ নিয়ে প্রসিকিউটর গাজী এমএইচ তামিমের রুমে প্রবেশ করে। বিষয়টি আমরা দেখার পরে সঙ্গে সঙ্গে তাজুল ইসলামের রুমে গিয়ে তাকে জানাই। এই ঘটনায় কোনও ব্যবস্থা নেয়া হয়নি বরং উল্টো আমাদের বকাঝকা করে। তামিম তখন সবার সামনে স্বীকার করেছিলো যে, আফজালের বউ তার রুমে এসেছিল। চিফ প্রসিকিউটর শুধু জিজ্ঞেস করেছিলেন আসামির বউ কেন তার রুমে গিয়েছিল। শুধু এই জিজ্ঞাসা করা পর্যন্তই সীমাবদ্ধ ছিল। পরবর্তীতে সেই আফজালকে রাজসাক্ষী করা হলো। চূড়ান্ত বিচারে তাকে খালাস দেয়া হলো।’

সুলতান মাহমুদ বলেন, ‘চানখারপুলের মামলায় এসআই আশরাফুল গুলি করার নির্দেশনা দিচ্ছে এরকম ভিডিও প্রকাশ পাওয়ার পরও তাকে আসামি না করে সাক্ষী করা হয়েছে। সেই ভিডিও আমার কাছে আছে। রংপুরের আবু সাঈদের মামলায় এসি ইমরানকে অব্যাহতি দেয়া হয়েছে। এই ইমরানের নাম কয়েকজন সাক্ষীরা আদালতে এসে বলেছে। আওয়ামী লীগের নেতাদের শেখ হাসিনার মামলায় অন্তর্ভুক্ত করা যেতো। কিন্তু সেটা না করে মামলা প্রতি ২-৪ জনকে আসামি করে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করে জনগণকে ধোঁকা দেয়া হয়েছে। এগুলো চব্বিশের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি।’

এসব গুরুতর অভিযোগের সত্যতা বিষয়ে জানার জন্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের মোবাইলে একাধিকবার কল করলেও তিনি ফোনটি রিসিভ করেননি এবং একপর্যায়ে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আলোচনার টেবিলে আসতেই হবে ইরানকে: ফ্রেডরিক ম্যার্ৎস

আলোচনার টেবিলে আসতেই হবে ইরানকে: ফ্রেডরিক ম্যার্ৎস

শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আজও প্রাসঙ্গিক

প্রধানমন্ত্রীর বাণী শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আজও প্রাসঙ্গিক

বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ, যা বলছে নির্বাচন কমিশন

বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ, যা বলছে নির্বাচন কমিশন

ফের সু চির সাজা কমলো জান্তা সরকার

ফের সু চির সাজা কমলো জান্তা সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App