আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৭ এএম
ছবি : সংগৃহীত
পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনা করে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নতুন অফিস সময়সূচি কার্যকর হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে নতুন এ সময়সূচি অনুযায়ী অফিস চলবে। এ বিষয়ে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, হিজরি ১৪৪৭ সনের (২০২৬ খ্রিস্টাব্দ) রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এই সময়ের মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে।
তবে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক বিভাগ, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান এবং জরুরি সেবাদানকারী সংস্থাগুলো নিজ নিজ আইন ও জনস্বার্থ বিবেচনায় আলাদা সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে বলে জানানো হয়েছে।
আরো পড়ুন : রোজায় বন্ধ থাকছে সব স্কুল
এ প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক রমজান মাসের জন্য ব্যাংকিং সময়সূচি ঘোষণা করেছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
ব্যাংকগুলোতে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এই সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন কার্যক্রম চালু রাখা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ফলে রমজানজুড়ে দেশের সব তফসিলি ব্যাংক সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।
আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও একই সময়সূচি প্রযোজ্য হবে। রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে এবং দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজের বিরতি থাকবে।
অন্যদিকে রমজান মাসে আদালতের কার্যক্রম রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত হবে। আদালতের অফিস সময় থাকবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। উভয় ক্ষেত্রেই দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি নির্ধারিত রয়েছে।
