শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম
ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। ছবি : সংগৃহীত
আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নেবে। ভারতের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রতিনিধিদল উপস্থিত থাকায় দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী বন্ধুত্ব এবং সহযোগিতা আরো দৃঢ় হবে। এছাড়া এটি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি ভারতের অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করবে।
বিবৃতিতে বলা হয়েছে, ইতিহাস, সংস্কৃতি ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আবদ্ধ দুই প্রতিবেশী দেশ হিসেবে ভারতের পক্ষ থেকে নবনির্বাচিত সরকারের প্রতি সমর্থন প্রকাশ পাবে। বিশেষভাবে তা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।
আরো পড়ুন : শপথে অনুষ্ঠানে আসছেন সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা
কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও, মুম্বাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক থাকায় তিনি সরাসরি উপস্থিত থাকবেন না। তাই তার পরিবর্তে ওম বিড়লা ও বিক্রম মিশ্রি অংশগ্রহণ করবেন।
শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে ভারত নতুন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ও সহযোগিতা জোরদারের সংকল্প দেখাবে। এই উদ্যোগকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের নতুন সূচনা হিসেবে দেখা হচ্ছে।
এর আগে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, নবনির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে চীন, ভারত, পাকিস্তানসহ মোট ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে চীন, সৌদি আরব, তুরস্ক, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভূটান।
তবে, বাংলাদেশের বিরোধী জোট জামায়াত-এনসিপি এই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর বিষয়ে আপত্তি জানিয়েছে।
