×

ময়মনসিংহ

জামায়াতের এমপির গাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

Icon

তিরক রায় টুলু, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৩:১২ পিএম

জামায়াতের এমপির গাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

ছবি: সংগৃহীত

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জামায়াতের এমপি মাসুম মোস্তফার গাড়িবহরে হামলা ও অবরুদ্ধ করে রাখার ঘটনায় থানায় মামলা হয়েছে। এতে বিএনপির ৬৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাত সোয়া দুইটার দিকে এমপির ব্যক্তিগত সহকারী মো. আল আমীন বাদী হয়ে পূর্বধলা থানায় মামলাটি করেন। মামলায় গত নির্বাচনে ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবু তাহের তালুকদারকে প্রধান আসামি করা হয়েছে। আসামিরা সবাই স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম বলেন, ৬৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করে মামলা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে এজাহারভুক্ত একজনসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে এ মুহূর্তে আসামিদের নাম প্রকাশে অপারগতা জানান তিনি।

ঘটনার বিষয়ে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর স্থানীয় সংসদ সদস্য মাসুম মোস্তফার ব্যক্তিগত গাড়ি তেল নিতে উপজেলা সদরের গিরিপথ পেট্রোল পাম্পে যায়। এ সময় তিনি পাশের একটি নামাজখানায় মাগরিবের নামাজ আদায় করতে যান। এ সময় একদল দুর্বৃত্ত তাঁর গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীন জাহান ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন।

রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমপি মাসুম মোস্তফা অভিযোগ করেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁর গাড়িতে আকস্মিক হামলা চালায়। তিনি বলেন, “তারা নামাজখানায় ঢুকে আমার ও আমার সহযোগীদের ওপর হামলার চেষ্টা করে। তখন মুসুল্লিরা ভয়ে দরজা বন্ধ করে দেন।” তিনি আরও দাবি করেন, তাঁর সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মীকে মারধর করা হয়েছে এবং মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে প্রশাসনের সহায়তায় এমপিকে নিরাপদ স্থানে পৌঁছে দেন। এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীন জাহান ও ওসি দিদারুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং এমপিকে নিরাপদ স্থানে পৌঁছে দেন।

এ বিষয়ে এমপি মাসুম মোস্তফা বলেন, “আমি হোগলা এলাকায় একটি অনুষ্ঠান শেষে আসার সময় বিএনপির একটি মিছিল চলছিল। পরে পেট্রোল পাম্পে গিয়ে নামাজ পড়তে গেলে তারা মোটরসাইকেলযোগে এসে আমার গাড়ি ভাঙচুর করে এবং আমাদের অবরুদ্ধ করে রাখে।” তিনি বলেন, এ ঘটনায় উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদারকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে।

অভিযোগের বিষয়ে আবু তাহের তালুকদার বলেন, “ঘটনার সময় আমি ঢাকায় ছিলাম। বিষয়টি জানার পর দলের জ্যেষ্ঠ নেতাকে ঘটনাস্থলে পাঠাই। উল্টো আমাকে প্রধান আসামি করা হয়েছে, যা দুঃখজনক। এ ঘটনায় আমাদের কোনো নেতাকর্মী জড়িত নয়, তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, বিকেল ৫টার পর পেট্রোল পাম্পে তেল দেওয়া বন্ধ থাকলেও প্রভাব খাটিয়ে তেল নিতে চাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গণভোটের রায়েই তো বিএনপির নোট-অব-ডিসেন্ট খারিজ’

‘গণভোটের রায়েই তো বিএনপির নোট-অব-ডিসেন্ট খারিজ’

প্রায় ১৫ ঘণ্টা পর ফের বন্ধ হয়ে গেলো বড়পুকুরিয়ার তাপবিদ্যুৎকেন্দ্র

প্রায় ১৫ ঘণ্টা পর ফের বন্ধ হয়ে গেলো বড়পুকুরিয়ার তাপবিদ্যুৎকেন্দ্র

রিমান্ড শেষে ওয়ারেন্ট অফিসার কারাগারে

তনু হত্যা রিমান্ড শেষে ওয়ারেন্ট অফিসার কারাগারে

সারাদেশে ২৪ ঘণ্টায় আরো ১১ জনের মৃত্যু

সারাদেশে ২৪ ঘণ্টায় আরো ১১ জনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App