লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১
সেবিকা দেবনাথ
প্রকাশ: ২৭ মে ২০২৬, ১০:৩৯ এএম
ছবি : সংগৃহীত
দক্ষিণ ও পূর্ব লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের ঘোষণা দেওয়ার পরই হামলার এ ঘটনা ঘটে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ এই হামলায় কয়েকজন শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এপ্রিলের মাঝামাঝি সময়ে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি। হামলার রাতে তারা হিজবুল্লাহর ১০০টির বেশি অবকাঠামো ও যোদ্ধাদের লক্ষ্য করে আঘাত হানে। খবর বিবিসির।
সোমবার (২৫ মে) বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, হিজবুল্লাহকে লক্ষ্য করে ‘আরো কঠোর পদক্ষেপ’ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
আরো পড়ুন : তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নুরুন্নাহার নিম্নির এভারেস্ট জয়
মঙ্গলবার (২৬ মে) নিরাপত্তা মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বলেন, ইসরায়েল লেবাননে তাদের সামরিক অভিযান আরো তীব্র করছে।
তিনি আরো বলেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী স্থলভাগে বড় আকারের সেনা মোতায়েন করেছে এবং গুরুত্বপূর্ণ এলাকা দখলে নিচ্ছে। উত্তর ইসরায়েলের জনবসতিগুলোকে হিজবুল্লাহর হামলা থেকে সুরক্ষিত রাখতে ‘নিরাপত্তা অঞ্চল’ আরো শক্তিশালী করা হচ্ছে।
উল্লেখ্য, উভয় পক্ষই একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি আলোচনা জটিল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এর আগে মঙ্গলবার যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় থাকা নৌযানকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
